প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল স্টেশনগুলিতে খাবারের দোকান থেকে শুরু করে নানা প্রয়োজনীয় সামগ্রীর স্টল রাখা হয়। কিন্তু আচমকা অসুস্থ হয়ে পড়লে কিংবা সফরে বেরোনোর আগে প্রয়োজনীয় কোনও ওষুধ কেনার কথা মনে পড়লে অনেক সময় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এবার সেই সমস্যারই সমাধান হতে চলেছে। স্টেশনেই মিলবে কম দামে প্রয়োজনীয় ওষুধ।
ট্রেনযাত্রীদের কাছে ওষুধ আরও সহজলভ্য করে তুলতে দেশের একাধিক রেল স্টেশনে চালু হতে চলেছে জনৌষধী কেন্দ্র। জানা গিয়েছে, ১২৯টিরও বেশি স্টেশনে এই কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। ফলে প্রয়োজনীয় ওষুধ কিনতে যাত্রীদের আর স্টেশনের বাইরে গিয়ে ফার্মেসি খুঁজতে হবে না। স্টেশনের মধ্যেই জনৌষধী কেন্দ্র থেকে ওষুধ কিনতে পারবেন তাঁরা।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই কেন্দ্রগুলিতে তুলনামূলকভাবে অনেক কম দামে ওষুধ পাওয়া যায়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, জনৌষধী কেন্দ্রে বিভিন্ন ওষুধে ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে। ফলে ব্র্যান্ডেড ওষুধের তুলনায় অনেকটাই কম খরচে প্রয়োজনীয় ওষুধ কেনার সুযোগ পাবেন সাধারণ মানুষ।
জনৌষধী কেন্দ্রে নিত্যপ্রয়োজনীয় ওষুধের পাশাপাশি বিভিন্ন অত্যাবশ্যকীয় ওষুধও পাওয়া যায়। রেল স্টেশনে এই পরিষেবা চালু হলে যাত্রীরা ট্রেনে ওঠার আগেই প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করে নিতে পারবেন। এর জন্য স্টেশনের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। ফলে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনই ওষুধ কিনতে গিয়ে ট্রেন মিস করার আশঙ্কাও কমবে।







