দেশ

শস্ত্রপুজোয় AK-47 থেকে গুলি, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে আইপিএস অফিসার, শো-কজ নোটিস পুলিশের

ছত্তিশগড়: দশেরার শস্ত্রপুজোয় AK-47 রাইফেল থেকে গুলি চালানোর ভিডিও ভাইরাল হতেই বিতর্কে জড়ালেন রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার তথা আইপিএস অফিসার অঙ্কিতা শর্মা। এই ঘটনায় তাঁকে শো-কজ নোটিস পাঠিয়েছে ছত্তিশগড় পুলিশের সদর দফতর। গত ২০ অক্টোবর পুলিশ লাইনে অস্ত্রপুজোর পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, অস্ত্র ব্যবহারের নির্দিষ্ট নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সদর দফতর। এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি ও বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেও আপত্তি জানানো হয়েছে। রাজনন্দগাঁও রেঞ্জের আইজি অজয় যাদব জানিয়েছেন, অঙ্কিতা শর্মার জবাব পাওয়ার পর তিনি নিজের পর্যবেক্ষণ নথিভুক্ত করে তা সদর দফতরে পাঠাবেন।
ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রপুজোর সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক আর কে বিজ অস্ত্রপুজোর সময় গুলি চালানোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, এক কর্মরত আইপিএস আধিকারিকের বক্তব্য, আনুষ্ঠানিকভাবে গুলি চালানোর ক্ষেত্রে সাধারণত ফাঁকা কার্তুজ ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, শূন্যে ছোড়া গুলিও মাটিতে ফিরে এসে গুরুতর আঘাত বা প্রাণহানির কারণ হতে পারে। ফলে ধর্মীয় আচার পালনের সময় অস্ত্র ব্যবহারে নিরাপত্তাবিধি মানার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.