কলকাতাকে লন্ডনে পরিণত করার কোনও লক্ষ্য নেই। তবে লন্ডনের বেশ কিছু ব্যবস্থাপনা ও নাগরিক পরিষেবার ‘আইডিয়া’ কলকাতায় কার্যকর করার ইচ্ছা রয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের। মন্ত্রিত্বের দায়িত্ব নেওয়ার পর থেকেই শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক শৃঙ্খলা সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করেছেন তিনি। সেই কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে বর্তমানে লন্ডনে রয়েছেন মন্ত্রী। সেখান থেকেই বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে কলকাতার জন্য লন্ডনের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানিয়েছেন তিনি।
টেমস নদীর তীরে দাঁড়িয়ে সাক্ষাৎকারে অগ্নিমিত্রা পাল বলেন, লন্ডনের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। বিশেষ করে নাগরিকদের দায়িত্ববোধ এবং শৃঙ্খলা অনুসরণ করার বিষয়টি তাঁর নজর কেড়েছে। তাঁর কথায়, লন্ডনে মানুষ নির্দিষ্ট জায়গাতেই আবর্জনা ফেলেন, রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা নেই। স্বাধীনতার পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ফলে এই অভ্যাস তৈরি করতে কিছুটা সময় লাগবে বলে মনে করছেন মন্ত্রী।
লন্ডনের পরিবহন ব্যবস্থাও বিশেষভাবে প্রশংসা করেছেন অগ্নিমিত্রা। একটি পরিবহন ব্যবস্থার সঙ্গে অন্যটির সহজ সংযোগের বিষয়টি তাঁর ভালো লেগেছে। অর্থাৎ বাস থেকে নেমে সহজেই ট্রেনে ওঠা, আবার ট্রেন থেকে নেমে জলপথের পরিবহন ব্যবহার করার মতো ব্যবস্থা কলকাতাতেও থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিশেষ করে ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’ বা TFL-এর এক টিকিটে একাধিক ধরনের গণপরিবহন ব্যবহারের ব্যবস্থাটি পশ্চিমবঙ্গেও চালু করার পক্ষে সওয়াল করেছেন অগ্নিমিত্রা। তাঁর মতে, একই টিকিটে বাস, ট্রেন ও মেট্রো ব্যবহারের সুযোগ থাকলে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে। লন্ডনের এই মডেল থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গেও এমন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।







