বেসরকারি সংস্থায় চাকরি করতে ইচ্ছুকদের কাছে ভালো বেতন, কর্মক্ষেত্রের পরিবেশ এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্স এখন সমান গুরুত্বপূর্ণ। র্যান্ডস্ট্যাড এমপ্লয়ার ব্র্যান্ড রিসার্চ ২০২৬-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে চাকরির জন্য কর্মীদের প্রথম পছন্দ গুগল। দ্বিতীয় স্থানে রয়েছে টাটা গ্রুপ এবং তৃতীয় স্থানে অ্যামাজন। এছাড়া শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে স্যামসাং ইন্ডিয়া, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি গ্রুপ, হিন্দুস্তান ইউনিলিভার, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং ডেল টেকনোলজিস।
বিশ্বের ৩৪টি বাজারে প্রায় ১.৫ লক্ষ কর্মীর মতামতের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে। ভারতে অংশ নেন ৩,৫০০ জন কর্মী। রিপোর্টে উঠে এসেছে, সম্পূর্ণ রিমোট কাজের পরিবর্তে এখন হাইব্রিড ওয়ার্ক মডেলই কর্মীদের কাছে বেশি গ্রহণযোগ্য।
সমীক্ষা বলছে, বর্তমানে ৪৯ শতাংশ কর্মী ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের অভাবে চাকরি ছাড়েন। এছাড়া ৪২ শতাংশ পদোন্নতির সুযোগ না থাকায় এবং ৪১ শতাংশ কম বেতনের কারণে নতুন চাকরির খোঁজ করেন। কর্মীদের মতে, সময়মতো বেতন, কাজের স্বীকৃতি, ভবিষ্যতের নিরাপত্তা এবং সংস্থার স্বচ্ছ যোগাযোগই এখন একটি ভালো কর্মক্ষেত্রের প্রধান বৈশিষ্ট্য।







