নিজস্ব সংবাদদাতা: SIR (Special Intensive Revision) মামলায় নির্বাচন কমিশনের উপর বড়সড় চাপ বাড়াল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে—ভোটারের অনুমতি থাকলে শুনানি কেন্দ্রে BLA (Booth Level Agent)-দের প্রবেশে কোনও বাধা দেওয়া যাবে না। পাশাপাশি, তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই নির্দেশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কার্যত ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশনের অবস্থান। আদালত স্পষ্ট করে জানায়, শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং ভোটারের মৌলিক অধিকার সুরক্ষিত করাই প্রধান লক্ষ্য।
বিরোধীদের পাল্টা প্রতিক্রিয়া, উত্তেজনার আশঙ্কা
সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের বিরোধী দলগুলির তরফে মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,
“সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা এক পিতার শত সন্তানের মতো। কারা প্রকৃত ভোটার, কারা নয়—সেটা চিহ্নিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তৃণমূলের BLA-রা যদি ভিতরে ঢোকে, বিজেপির প্রতিনিধিরাও থাকবে। তাতে উত্তেজনা বাড়বে কি না, সেটা সময় বলবে। নির্বাচন কমিশনের কাছ থেকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দিকেই আমাদের নজর থাকবে। আমরা গালে থাপ্পড় মারি না, তবে জোড়াফুলে জোড়া থাপ্পড় পড়বে।”
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,
“রায়টা খতিয়ে দেখব। তবে একজন নাগরিক হিসেবে আমি মনে করি, যাঁকে হিয়ারিঙে ডাকা হচ্ছে, তাঁর জানা অধিকার থাকা উচিত—কেন তাঁকে ডাকা হয়েছে। এতে কারও আপত্তি থাকার কথা নয়।”
অন্যদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী স্পষ্ট ভাষায় বলেন,
“আমরা নির্বাচন কমিশনের কাছে শুধু এটুকুই চাই—ঝঞ্ঝাট মেটান, মানুষের অধিকার ফিরিয়ে দিন।”
অভিষেকের তীব্র আক্রমণ: ‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’
সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
“বিজেপির SIR-এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মারতে চেয়েছে, চুপ করে থাকেনি—তারা এবার মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকারও কেড়ে নিতে চেয়েছিল। দেশের সর্বোচ্চ আদালত তাদের দু’গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে। আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব।”
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর নির্বাচন কমিশন কী অবস্থান নেয় এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর গোটা দেশের।







