রায়গঞ্জের জনসভা থেকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে নাম না করে ‘মাফিয়া’ ও ‘গুন্ডা’ বলে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলি পুনরায় খোলার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।
উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই অবস্থান বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফেরার কথা ঘোষণা করেছিলেন হামিদুল রহমান। তার পরেই বৃহস্পতিবার রায়গঞ্জের সভা থেকে তাঁকে নিশানা করেন শুভেন্দু।
সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাম ও তৃণমূল আমলে আদিবাসী ও সনাতনীদের জমি জবরদখলের ঘটনা ঘটেছে। চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া-সহ বিভিন্ন এলাকায় বেদখল হওয়া জমি উদ্ধারে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। সরকারি ভেস্টেড জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ চিহ্নিত করে ভেঙে ফেলার কথাও বলেন।
পুলিশের শীর্ষকর্তাদের উদ্দেশে তাঁর নির্দেশ, হামিদুল রহমানের বিরুদ্ধে ঝুলে থাকা পুরনো মামলাগুলি পুনরায় খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে। পাশাপাশি, একুশের বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগেও নতুন করে এফআইআর দায়েরের কথা বলেন তিনি।
শুভেন্দুর হুঁশিয়ারি, রাজ্যের কোথাও আইনশৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না। চোপড়া ও ইসলামপুরে পরবর্তী সভা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দেন।






