রাজনীতি

এক বছরের ব্যবধান: রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক অভিষেকের রূপান্তর ২৮ অগস্টের মঞ্চে”

নিজস্ব প্রতিবেদন: ফারাক ঠিক এক বছরের। জায়গা একই, মঞ্চও একই। ২০২৪ সালের ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন রক্ষণাত্মক। আরজি কর কাণ্ডে দলের অস্বস্তি তখনও তাজা। কিন্তু ২০২৫ সালের ২৮ অগস্ট, সেই একই মঞ্চ থেকে অভিষেক হলেন আক্রমণাত্মক।

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল ২০২৪ সালের ৯ অগস্ট সকালে। পরেই রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ, ১৪ অগস্টের রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির ছবি ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। শাসকদলের অনেক নেতা যেখানে এই কর্মসূচিকে ব্যঙ্গ করেছিলেন, সেখানে অভিষেকই প্রথম প্রকাশ্যে বলেছিলেন— “আমি মহিলাদের রাত দখলকে সম্মান জানাই।”

কিন্তু এক বছর পর চিত্র বদলেছে। আরজি কর আন্দোলন স্তিমিত। সাজাপ্রাপ্ত হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়। আর ঠিক এই আবহে গতকাল অভিষেক বিজেপি, বাম, কংগ্রেসের দিকে কড়া আঙুল তুললেন। তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ যা এক দিনে করেছিল, নরেন্দ্র মোদীর সিবিআই তা এক বছরেও পারেনি।” একই সঙ্গে ‘অপরাজিতা বিল’ নিয়ে বিরোধীদের নীরবতা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, গত বছরের মতো এ বার আর অভিষেক ও মমতার বক্তৃতায় কোনও সূক্ষ্ম দূরত্ব চোখে পড়েনি। বরং ২১ মিনিটের বক্তব্যে অভিষেক যেমন প্রশাসনিক সাফল্য তুলে ধরে বিজেপিকে আক্রমণ করলেন, তেমনই মমতাও তাঁর ৪২ মিনিটের ভাষণে অভিষেককে প্রশংসা করে বললেন, “অভিষেক সুন্দর গুছিয়ে বলেছে। ও যেখানে শেষ করেছে, সেখান থেকেই আমি শুরু করব।”

২১ জুলাইয়ের মঞ্চের মতোই এ দিনও নেত্রী-সেনাপতির মধ্যে তালমিল স্পষ্ট। রাজনৈতিক মহলের মতে, এক বছরের ব্যবধানে অভিষেকের রাজনৈতিক অবস্থান অনেকটাই পরিণত ও আত্মবিশ্বাসী। ২০২৪-এর রক্ষণাত্মক অভিষেক আর ২০২৫-এর আক্রমণাত্মক অভিষেক— দুই মঞ্চ, দুই ছবি, তৃণমূলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত রেখে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.