ওমেন্স প্রিমিয়ার লিগে (WPL) লখনউয়ের একানা স্টেডিয়ামে গুজরাট জায়ান্টস ইউপি ওয়ারিয়র্সকে ৮১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো। বেথ মুনির দুর্দান্ত ব্যাটিং ও দলগত বোলিং পারফরম্যান্সে একপেশে ম্যাচে হারল ওয়ারিয়র্স।
ব্যাট হাতে শুরুতে একটু ধীরগতিতে খেললেও পরে দানবীয় রূপ নেন বেথ মুনি। ৫৯ বলে ৯৬* রানের ইনিংসে ১৭টি চারের মার ছিল অন্যতম আকর্ষণ। হারলিন দেওল (৩২ বলে ৪৫) ও অ্যাশলি গার্ডনারের ছোট অথচ কার্যকর ইনিংস দলকে ১৮৬/৫ রানে পৌঁছে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্স চরম বিপর্যয়ে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। পাওয়ারপ্লেতে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচে আর ফিরতে পারেনি তারা। একমাত্র চিনেল হেনরি কিছুটা লড়াই করেন ১৪ বলে ২৮ রান করে, কিন্তু বাকিরা ব্যর্থ।
তানুজা কানওয়ার (৩/১৭), কাশভি গৌতম (৩/১১) ও ডিএন্ড্রা ডটিন (২/১৪)-এর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্স। এই জয়ে গুজরাটের নেট রানরেট বেড়ে দাঁড়িয়েছে ০.৩৫৭, ফলে তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলো।







