খেলাধুলা

ম্যাচের আগের দিনই গোটা দল নির্বাসিত! মেঘালয় ক্রিকেটে নজিরবিহীন ঘটনা, নতুন দল নামাল অ্যাসোসিয়েশন

এমন ঘটনাও সম্ভব! ম্যাচের প্রস্তুতি চলাকালীন আচমকাই কোনও দলকে জানিয়ে দেওয়া হল, তারা আর খেলতে পারবে না। মেঘালয়ে রঞ্জি ট্রফির আসর ঘিরে এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর মাত্র একদিন আগে পুরনো গোটা দলকে সরিয়ে নতুন ক্রিকেটারদের নিয়ে দল গঠন করে মাঠে নামানো হল। এই ঘটনাকে কেন্দ্র করে মেঘালয় ক্রিকেট মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রঞ্জি ট্রফির প্রথম তিনটি ম্যাচে যে দল খেলেছিল, তাদের নির্বাচন করেছিল মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিল। ওই কাউন্সিলের বিরুদ্ধে যৌন অভিযোগ ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। এই বিষয়কে কেন্দ্র করেই অ্যাসোসিয়েশনের সচিব রেনল্ড খারকামনি এবং সভাপতি জেমস সাংমার মধ্যে বিরোধ চরমে পৌঁছয়। নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে হাইকোর্ট জেমস সাংমার পক্ষে রায় দেয়। রেনল্ডের সাসপেনশন বহাল রাখার পাশাপাশি তাঁর নেতৃত্বে নেওয়া সমস্ত সিদ্ধান্তকে অবৈধ বলে জানায় আদালত। এরপরই সাংমার গোষ্ঠীর তরফে নতুন দল তৈরি করা হয়।

এদিকে, ম্যাচের ঠিক আগের দিন পুরনো দলের ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁদের দল আর বৈধ নয়। তাই নাগাল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার সুযোগও থাকছে না তাঁদের। এই পরিস্থিতিতে দলের ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগও সামনে আসে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ম্যাচ রেফারির দ্বারস্থ হন পুরনো দলের অধিনায়ক। এমনকী নিরাপত্তাজনিত আশঙ্কায় নিজের হোটেলও পরিবর্তন করেন ম্যাচ রেফারি। রাত প্রায় ১১টা নাগাদ পুরনো দলের ক্রিকেটারদের জানানো হয়, বিসিসিআইয়ের অনুমোদন নিয়ে নতুন দল নথিভুক্ত করা হয়েছে। পরদিন সকালে মাঠে পৌঁছে তাঁরা দেখেন, ড্রেসিংরুমে তালা ঝুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশও ডাকা হয়। পরে জেমস সাংমা ক্ষমা চাওয়ার পর ড্রেসিংরুমের তালা খোলা হয়। যদিও শেষ পর্যন্ত নতুন দলই ম্যাচ খেলতে নামে।

শুধু সিনিয়র দল নয়, মেঘালয়ের অনূর্ধ্ব-২৩ দল নিয়েও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিকিম থেকে তাদের ফিরিয়ে এনে পরিবর্তে নতুন দল পাঠানো হয়েছে। বর্তমানে রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মেঘালয়। এখনও পর্যন্ত একটি ম্যাচে জয় এবং একটিতে পরাজয়ের মুখ দেখেছে দল। অন্যদিকে, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করেছে অ্যাপেক্স কাউন্সিল। ফলে মেঘালয় ক্রিকেটের এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর ক্রিকেটমহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.