মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনার মধ্যেই কূটনৈতিক পথে সমস্যা সমাধানের ইঙ্গিত দিল ইরান। আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তেহরান, তবে তার আগে ওয়াশিংটনকে মানতে হবে সাতটি শর্ত। কাতারের মধ্যস্থতায় আমেরিকার কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। ফলে দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও সমঝোতা কতটা সহজ হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
ইরানের এক আধিকারিকের দাবি, তেহরানের পাঠানো প্রস্তাব ইতিমধ্যেই খতিয়ে দেখছে আমেরিকা। যদিও সাত দফা শর্তের সম্পূর্ণ বিবরণ প্রকাশ্যে আনা হয়নি। তবে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাইয়ের বক্তব্যে আলোচনার ক্ষেত্রে তেহরানের অবস্থান স্পষ্ট হয়েছে। তাঁর দাবি, ওয়াশিংটনকে সাতটি শর্ত পূরণ করতে হবে। তা না হলে আমেরিকার সঙ্গে কোনও আলোচনায় বসবে না ইরান। এমনকী হরমুজ প্রণালি খোলার ক্ষেত্রেও অনড় অবস্থান নিয়েছে তেহরান।
ইরানের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, আমেরিকার আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ফিরিয়ে দেওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। এই দাবিগুলিকে আলোচনার অন্যতম পূর্বশর্ত হিসেবে তুলে ধরেছে তেহরান।
অন্যদিকে, আমেরিকাও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। ওয়াশিংটনের দাবি, আলোচনার প্রাথমিক পর্যায় থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে হবে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনের পর নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা উড়িয়ে দেননি।
সব মিলিয়ে একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে সামরিক সংঘাতের আশঙ্কা—দুইয়ের মাঝে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানের সাত শর্ত মেনে আমেরিকা আলোচনায় বসবে, নাকি ফের সংঘাতের পথেই এগোবে দুই দেশ, এখন সেটাই দেখার।







