দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোর উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে এক ভিডিও বার্তায় তিনি জানান, অন্যান্য বছরের মতো এবারও দীপাবলির দিনটি সীমান্তে কর্তব্যরত বীর জওয়ানদের সঙ্গেই কাটাবেন তিনি।
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দীপাবলির পবিত্র উৎসবে গোটা দেশ আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় এবং মানুষের অটুট সংকল্পের প্রতীক এই উৎসব। দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তিনি কামনা করেন, এই উৎসব প্রত্যেকের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।
পাশাপাশি নিজের দীপাবলি উদযাপনের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অন্যদের মতো তিনিও অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এই উৎসব পালন করেন। তবে দীপাবলির দিন দেশের বীর সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটানো তাঁর দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেই সীমান্তে কর্তব্যরত সেনাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেবেন তিনি।







