বীরভূমে ফের চাঞ্চল্য! রামপুরহাট থানার পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার একদল পুলিশ জামকান্দর রায়পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বিস্ফোরক সামগ্রী।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—
৫৪ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট
৩ বস্তা ভর্তি মোট ৭৯০টি জিলেটিন স্টিক
একটি ব্যাগে ১৭০০টি ডিটোনেটর
৪টি প্লাস্টিকের বস্তায় প্রায় ৩০০ মিটার করে লাল রঙের ইনসুলেটেড তারের ১৬টি রোল
পুরো ঘটনায় রামপুরহাট থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, বিস্ফোরকগুলি কোনও বড় ধরনের নাশকতার পরিকল্পনার অংশ হতে পারে। তবে ঠিক কী উদ্দেশ্যে ও কারা এই বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে মজুত করেছিল, তা জানতে তৎপর পুলিশ।
ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে রামপুরহাট ও সংলগ্ন এলাকায়।







