গতি যেন আর ট্রেনের সীমা মানছে না! চিনে পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন ফের নিজের রেকর্ড ভেঙে তৈরি করল নতুন নজির। মাত্র ৫.৩ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে গেল ট্রেনটি। এর আগে তৈরি করা নিজের রেকর্ডকেই এবার পিছনে ফেলল চিনা প্রযুক্তি।
হুবেই প্রদেশের ডোংঘু ল্যাবরেটরিতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়। লক্ষ্য ছিল শুধু ভয়ংকর গতিতে পৌঁছনো নয়, এত দ্রুত গতি বাড়ার পরেও ট্রেনটি কতটা স্থির ও নিয়ন্ত্রণে থাকে, তা যাচাই করা।
গত কয়েক মাসে একের পর এক রেকর্ড গড়েছে এই প্রযুক্তি। ২০২৫ সালের ডিসেম্বরেই পরীক্ষামূলক ম্যাগলেভ মাত্র ২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতি তুলেছিল। পরবর্তী পরীক্ষায় গতি পৌঁছেছিল ঘণ্টায় ৭৯৮ কিলোমিটারে। এবার সেই সংখ্যাও পেরিয়ে গেল।
সবচেয়ে চমকপ্রদ বিষয়, ঘণ্টায় ৮০০ কিলোমিটার ছোঁয়ার পরও ট্রেনটিকে মাত্র ২০০ মিটারের মধ্যে থামানো সম্ভব হয়েছে। অর্থাৎ শুধু গতি নয়, দ্রুত নিয়ন্ত্রণে আনার ক্ষমতাও পরীক্ষা করে দেখেছেন গবেষকরা।
ম্যাগলেভ প্রযুক্তিতে ট্রেন সরাসরি রেললাইনের উপর ঘষটে চলে না। চৌম্বকীয় শক্তির সাহায্যে ট্রেনকে ট্র্যাকের উপর ভাসিয়ে রাখা হয়। ফলে প্রচলিত ট্রেনের মতো চাকা ও রেলের ঘর্ষণ অনেকটাই এড়ানো যায়। আর সেই কারণেই অত্যন্ত বেশি গতিতে ছুটে চলার সম্ভাবনা তৈরি হয়।
তবে পরীক্ষাগারে ঘণ্টায় ৮০০ কিলোমিটারের গতি আর যাত্রী পরিষেবার গতি এক নয়। বর্তমানে যাত্রীবাহী ম্যাগলেভ ট্রেনের গতি তার তুলনায় অনেক কম। এত বেশি গতিতে ট্রেন চালাতে হলে ট্র্যাকের সামান্য বিচ্যুতিও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই চিনের গবেষণায় গতি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ও নিয়ন্ত্রণের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এক কথায়, রেকর্ড ভাঙার দৌড়ে চিনের ম্যাগলেভ এখন শুধু দ্রুতগামী ট্রেন নয়—ভবিষ্যতের পরিবহণ প্রযুক্তির এক বড় পরীক্ষাগার।







