দেশ

কারখানার ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেই বিপত্তি! বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৩ শ্রমিকের, চাঞ্চল্য তামিলনাড়ুতে

কারখানার ভিতরে কাজ করতে গিয়েই মর্মান্তিক পরিণতি। বর্জ্যজল পরিশোধন কেন্দ্রের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে মৃত্যু হল তিন শ্রমিকের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার হোসুরের কাছে টাটা ইলেকট্রনিক্সের একটি কারখানায়। মৃত তিনজনই অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। এই ঘটনায় শিল্পক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে খবর, কারখানার বর্জ্যজল পরিশোধন কেন্দ্রের একটি ন্যানো ফিল্টার ট্যাঙ্ক পরিষ্কারের কাজ চলছিল। সেই সময় প্রথমে আকামাল বাবু ভাই (২৮) ট্যাঙ্কের ভিতরে কী রয়েছে, তা দেখতে নামেন। অভিযোগ, ভিতরে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাঁকে বিপদ থেকে উদ্ধার করতে এরপর ট্যাঙ্কের ভিতরে নামেন সহকর্মী শরৎকুমার (২৫)। কিন্তু তিনিও গ্যাসের প্রভাবে জ্ঞান হারান। এরপর দু’জনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে কাবেরী (৩১) নামে আরও এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে কারখানার নিরাপত্তাকর্মীরা দ্রুত তিনজনকে উদ্ধার করেন। প্রথমে তাঁদের কারখানার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হোসুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাস তৈরি হল এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ছিল কি না, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

উল্লেখ্য, হোসুরের এই কারখানায় অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয়। শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা এবং বিপজ্জনক ট্যাঙ্ক পরিষ্কারের ক্ষেত্রে যথাযথ সুরক্ষাব্যবস্থা কতটা কার্যকর ছিল, এই দুর্ঘটনার পর সেই প্রশ্নই সামনে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.