দিনভর প্রবল বৃষ্টির কারণে শেষ পর্যন্ত আয়োজন করা গেল না ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। মঙ্গলবার প্রায় চার ঘণ্টা মাঠে বসে খেলার অপেক্ষা করেন দর্শকরা। কিন্তু বারবার বৃষ্টি ফিরে আসায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ফলে হ্যামিল্টনের সেডন পার্ক থেকে হতাশ হয়েই বাড়ি ফিরতে হল ক্রিকেটপ্রেমীদের। অন্যদিকে, টানা তিনটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করার সুযোগও হাতছাড়া হল শুভমান গিলের দলের।
ম্যাচের আগের দু’দিনও হ্যামিল্টনে বৃষ্টির দাপট ছিল। মঙ্গলবারও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে প্রায় দেড় ঘণ্টা কেটে গেলেও টস করা সম্ভব হয়নি। অবশেষে দুই দলের অধিনায়ক শুভমান গিল ও মিচেল স্যান্টনার মাঠে হাজির হলে টিম লিস্ট বিনিময়ের সময় ফের বৃষ্টি শুরু হয়। পরে আকাশ মেঘলা থাকলেও প্রবল হাওয়ার মধ্যে টস অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক গিল। বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করাকে যথেষ্ট বিরক্তিকর বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তাঁর মতে, ম্যাচ চলাকালীন বৃষ্টি হলে ক্রিকেটারদের মনঃসংযোগেও প্রভাব পড়ে।
নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর টস হওয়ায় আম্পায়াররা আগেই জানিয়ে দেন, দুই দলকে ৪০ ওভার করে খেলার সুযোগ দেওয়া হবে। কিন্তু টসের পরপরই ফের শুরু হয় প্রবল বৃষ্টি। একাধিকবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। তবে একটানা বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি। অন্তত ২০ ওভারের ম্যাচ আয়োজনের একটা চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। সন্ধ্যাতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
সিরিজের প্রথম দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। মঙ্গলবারের ম্যাচ জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত গিলদের। কিন্তু বৃষ্টির কারণে সেই অপেক্ষা আরও বাড়ল। আগামী শুক্রবার ফের মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ডের কাছে সিরিজ জয়ের আর কোনও সম্ভাবনা নেই। পরের দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ সিরিজ ড্র করতে পারবে কিউয়িরা। অন্যদিকে, ভারতের সামনে রয়েছে সিরিজ জয়ের সুযোগ। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের দখলে নেবে মেন ইন ব্লু। বিশ্বকাপের আগে যা ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।







