প্রায় দেড় সপ্তাহ আগেই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এবার মঙ্গলবার নন্দীগ্রামে দাঁড়িয়েই ফের একবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাম আমলের নন্দীগ্রাম পর্বের ফাইল নতুন করে খোলার কথা ঘোষণা করলেন তিনি। ১৯ বছর আগের রক্তাক্ত নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতি উসকে দিয়ে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে ভয়াবহ অত্যাচারের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অতীতে সিআইডি তদন্ত হলেও প্রকৃত বিচার অধরাই থেকে গিয়েছে। দোষীদের শাস্তিও হয়নি। তাই পুরনো নথি খতিয়ে দেখে নতুন করে এফআইআর দায়ের এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
উল্লেখ্য, ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। সেই মিছিলকে কেন্দ্র করেই সংঘর্ষ ও রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে সিপিএম। তালপাটি খাল সংলগ্ন এলাকায় ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সূর্যোদয়’। ঘটনার পর রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহল কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে যায়। কলকাতার রাস্তায় সরকারবিরোধী নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল দেখা যায়। অন্যদিকে, পাল্টা শক্তি প্রদর্শনে পথে নামে বাম শিবিরও।
মঙ্গলবার ‘অপারেশন সূর্যোদয়’-এর ১৯ বছর পূর্তি উপলক্ষে গোকুলনগরে একটি সভায় বক্তব্য রাখেন শুভেন্দু। সেখানে তৎকালীন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ইংরেজি মন্তব্য ‘দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেওয়র ওন কয়েন’-এর প্রসঙ্গ টেনে আনেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্য সৎ মানুষ হলেও তাঁর দল সঠিক ছিল না। পাশাপাশি, নন্দীগ্রাম নিয়ে তৎকালীন বাম নেতা বিমান বসুর ‘নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে’ মন্তব্যের কথাও স্মরণ করান তিনি। দীর্ঘ আন্দোলনে মোট ৪১ জন শহিদ হয়েছিলেন বলে উল্লেখ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, সেদিন বাইরে থেকে কালো পোশাক পরে যারা সংগঠিতভাবে নন্দীগ্রামে হামলা চালাতে এসেছিল, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে সিপিএম আমলের কয়েকজন নেতার নামও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “সিআইডি তদন্ত করলেও বিচার হয়নি। আমি বলেছি এফআইআর করলে গোঘাটের অভয় ঘোষ থেকে শুরু করে, তালড্যাংড়ার মনোরঞ্জন পাত্র, গড়বেতার তপন ঘোষ, খেজুরির হিমাংশু দাস— এদের বিরুদ্ধে আমি নতুন করে কেস ওপেন করে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব।”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, নন্দীগ্রামের সেই ভয়াবহ ঘটনার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ বিচার হয়নি। তাঁর দাবি, সেদিন ১১ জনকে পিছমোড়া করে বেঁধে প্রথমে বারাতলার একটি গ্রাম পঞ্চায়েত অফিসে আটকে রাখা হয়েছিল। পরে তাঁদের কামারদায় নিয়ে গিয়ে সিপিএমের পার্টি অফিসে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন দেহাবশেষ ব্যাগে ভরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, পরবর্তী সময়ে সিআইডি তদন্তের জেরে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকে ১৮১ দিন জেলেও থাকতে হয়েছিল। তবে এত কিছুর পরেও মামলার বিচারপ্রক্রিয়া আজও সম্পূর্ণ হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর।







