নিজস্ব সংবাদদাতা : বুধবার,বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হলফনামা জমা দিতে জেলবন্দি মানিক ভট্টাচার্য স্বয়ং আসেন কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি মামলাতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি। সেই অনুযায়ী মানিকের মেয়ে স্বাতী বাবার হয়ে হলফনামা জমা দেন। কিন্তু আদালতের তরফ থেকে সেই হলফনামা প্রত্যাহার করা হয়। তাই এবার আদালতে সেই হলফনামা জমা দিতে জেল থেকে আসেন মানিক।
২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলাতে ওএমআর নষ্ট করার অভিযোগ উঠেছিল। কিভাবে তা নষ্ট করা হয়েছিল? কেন করা হয়েছিল? কার নির্দেশে নষ্ট করা হয়েছিল? তা সব কিছু জানতে চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়,মানিককে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় মানিকের মেয়ে হলফনামা জমা দেয়। কিন্তু আদালত তা খারিজ করে দেন। এবং বলেন মানিককেই সেই হলফনামা জমা দিতে। সেই নির্দেশ অনুযায়ী বুধবার হলফনামা জমা দিতে প্রেসিডেন্সি জেল থেকে কলকাতা হাই কোর্টে নিয়ে যাওয়া হয় মানিককে। হাই কোর্টের ডেপুটি শেরিফের ঘরে, হরফনামা সংক্রান্ত কাজ করার জন্য তাকে বসানো হয়।







