দেশভাগের ক্ষত, উদ্বাস্তু জীবনের সংগ্রাম এবং হারিয়ে যাওয়া ভিটেমাটির স্মৃতি এবার সংরক্ষিত হতে চলেছে বাংলার নিজস্ব পার্টিশন মিউজিয়ামে। পাঞ্জাবের অমৃতসরে গড়ে ওঠা পার্টিশন মিউজিয়ামের আদলেই পশ্চিমবঙ্গে এমন একটি সংগ্রহশালা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশভাগের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সামগ্রী, পুরনো চিঠি, সরকারি নথি, ব্যক্তিগত স্মৃতিকথা এবং মানুষের অভিজ্ঞতা জায়গা পাবে এই মিউজিয়ামে। ইতিহাসের তথ্য তুলে ধরার পাশাপাশি কয়েক প্রজন্ম ধরে বয়ে চলা দেশভাগের যন্ত্রণাও ফুটে উঠবে এই সংগ্রহশালায়।
কী কী দেখা যাবে সেখানে? দেশভাগের সময় সীমান্ত পেরিয়ে আসা উদ্বাস্তুদের সঙ্গে নিয়ে আসা পুরনো তোরঙ্গ, পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার, খাম, পঞ্চম জর্জের আমলের মুদ্রা, নকশিকাঁথা, শাল, স্কুলের মার্কশিট, রেশন কার্ড, ফেলে আসা বাড়ির চাবি, সেলাই মেশিন, বিয়ের শাড়ি ও গয়নার মতো সামগ্রী সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি থাকবে পূর্ববঙ্গ থেকে আসা মানুষের স্মৃতিচারণ, উদ্বাস্তু পরিবারগুলির প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই এবং হারিয়ে যাওয়া বসতভিটার কাহিনি। অর্থাৎ ঐতিহাসিক তথ্যের পাশাপাশি ব্যক্তিগত স্মৃতিও হয়ে উঠবে এই মিউজিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ।
নবান্ন সূত্রে খবর, কলকাতায় এই সংগ্রহশালা তৈরির জন্য আপাতত দুটি জায়গা বিবেচনা করা হচ্ছে। উত্তর কলকাতার পোস্তা এলাকায় অর্থ মন্ত্রকের অধীনস্থ পুরনো টাঁকশালের জমি এবং রাজারহাট। প্রস্তাবিত মিউজিয়ামের জন্য আনুমানিক ৮ থেকে ১০ একর জমির প্রয়োজন। সম্প্রতি রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহনের দপ্তরে এই প্রকল্প নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এছাড়াও ছিলেন বিশেষজ্ঞ রেশমী দাশগুপ্ত এবং ‘ইনস্টিটিউট অফ সোশাল অ্যান্ড কালচারাল স্টাডিজ’-এর ডিরেক্টর তথা ‘বেঙ্গল পার্টিশন মিউজিয়াম’-এর কনসেপ্ট কো-অর্ডিনেটর অধ্যাপক অরিন্দম মুখোপাধ্যায়।
আমেরিকার ওয়াশিংটন ডিসির হলোকাস্ট মিউজিয়াম থেকে জার্মানির কনসেনট্রেশন ক্যাম্প, দেশভাগ সংক্রান্ত একাধিক সংগ্রহশালা ঘুরে দেখার অভিজ্ঞতা রয়েছে অধ্যাপক অরিন্দম মুখোপাধ্যায়ের। অমৃতসরের পার্টিশন মিউজিয়াম এবং দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের দেশভাগ সংক্রান্ত সংগ্রহশালাও ঘুরে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তৈরি হচ্ছে বাংলার প্রস্তাবিত মিউজিয়ামের কনসেপ্ট নোট।
অরিন্দমবাবুর মতে, বর্তমানে সংগ্রহশালার ধারণা অনেকটাই বদলে গিয়েছে। আধুনিক মিউজিয়াম আর শুধুমাত্র পুরনো জিনিস প্রদর্শনের জায়গা নয়, বরং দর্শকদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া একটি ইন্টারঅ্যাকটিভ পরিসর। তাই এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এবং ৩৬০ ডিগ্রি ভিউয়ের মাধ্যমে মিউজিয়ামকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। তবে গোটা উদ্যোগ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অরিন্দমবাবুর বক্তব্য, এই প্রকল্পে ইতিহাসবিদদেরও যুক্ত করা হবে। স্বাধীনতার পর থেকে দণ্ডকারণ্য এবং আন্দামান পর্যন্ত ছড়িয়ে পড়া উদ্বাস্তুদের বসতি, বিভিন্ন কলোনির ইতিহাস ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হবে। সুন্দরবনের মরিচঝাঁপির ঘটনাও এই সংগ্রহশালায় স্থান পেতে পারে।
উল্লেখ্য, দেশভাগের অভিঘাত সবচেয়ে বেশি আছড়ে পড়েছিল পাঞ্জাব ও বাংলার উপর। তবে বাংলার ক্ষেত্রে তার প্রভাব ছিল সুদূরপ্রসারী। তা সত্ত্বেও এতদিন পশ্চিমবঙ্গে দেশভাগের স্মৃতি সংরক্ষণের জন্য আলাদা কোনও পার্টিশন মিউজিয়াম গড়ে ওঠেনি। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথভাবে তুলে ধরার বিষয়ে কংগ্রেস, বাম এবং তৃণমূল জমানায় কেন উদ্যোগ নেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, নেহরুর আমলে শ্যামাপ্রসাদকে প্রাপ্য গুরুত্ব দিতে কংগ্রেসের অনীহা ছিল। দেশভাগ ও পশ্চিমবঙ্গ গঠনে তাঁর অবদান তুলে ধরা হলে রাজনৈতিক অস্বস্তি তৈরি হতে পারত বলেও মনে করা হয়।
এবার সেই ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত মিউজিয়ামে পশ্চিমবঙ্গ সৃষ্টিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে, ১৯৩৭ সালে যাত্রা শুরু করা কলকাতা বিধানসভা পূর্বাঞ্চলের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। দেশভাগ নিয়ে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ও জোরালো বক্তব্য রয়েছে। সেই ভাষণগুলির সংকলনও সংগ্রহশালায় রাখার ভাবনা রয়েছে।
অরিন্দমবাবু জানিয়েছেন, দেশভাগের সময়কার বহু স্মৃতিচিহ্ন এখনও সাধারণ মানুষের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। কারও কাছে রয়েছে হাতে লেখা ডায়েরি, কারও কাছে পাণ্ডুলিপি, আবার কারও কাছে বিভিন্ন হস্তশিল্প বা পারিবারিক স্মারক। এই ধরনের সামগ্রী সংগ্রহের জন্য বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছে দানের আবেদন জানানো হবে।
প্রসঙ্গত, ভারতে বর্তমানে দুটি পার্টিশন মিউজিয়াম রয়েছে। প্রথমটি পাঞ্জাবের অমৃতসরে। ২০১৬ সালের ২৪ অক্টোবর এই মিউজিয়ামের চারটি গ্যালারির উদ্বোধন হয়েছিল। পরবর্তী সময়ে ২০১৭ সালের ১৭ আগস্ট ‘পার্টিশন রিমেমব্রেন্স ডে’ উপলক্ষে ১৪টি গ্যালারি-সহ সংগ্রহশালাটি সাধারণ দর্শকদের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ দেশভাগের সময় উদ্বাস্তুদের সঙ্গে নিয়ে আসা ব্যক্তিগত স্মারক ও ব্যবহার্য সামগ্রী। পাশাপাশি দেশভাগের প্রত্যক্ষদর্শী প্রথম প্রজন্মের মানুষের শতাধিক ভিডিও এবং অডিও সাক্ষাৎকারও এখানে সংরক্ষিত রয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, কোমাগাতা মারু ঘটনা, সাইমন কমিশন এবং র্যাডক্লিফ লাইনের মূল মানচিত্র ও তৎকালীন সংবাদপত্রের কাটিংও রয়েছে এই সংগ্রহশালায়।
দেশের দ্বিতীয় পার্টিশন মিউজিয়ামটি রয়েছে দিল্লিতে। ২০২৩ সালের ১৮ মে কাশ্মীরি গেটের ড. বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঐতিহাসিক দারা শিকো লাইব্রেরি ভবনে এর উদ্বোধন হয়। এই সংগ্রহশালায় উদ্বাস্তুদের সঙ্গে নিয়ে আসা বিভিন্ন সামগ্রীর পাশাপাশি দেশভাগের পর দিল্লিতে গড়ে ওঠা পুনর্বাসন কলোনিগুলির ইতিহাসও তুলে ধরা হয়েছে। লাজপত নগর, রাজেন্দ্র নগর, প্যাটেল নগর এবং জঙ্গপুরার মতো এলাকার জনসংখ্যার পরিবর্তন ও বসতি গড়ে ওঠার ইতিহাসও রয়েছে সেখানে।
অরিন্দমবাবু জানিয়েছেন, বাংলার প্রস্তাবিত মিউজিয়ামের কাজের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। দেশভাগের প্রত্যক্ষদর্শী উদ্বাস্তু পরিবারগুলির সদস্যদের অভিজ্ঞতা ভিডিও ও অডিওর মাধ্যমে রেকর্ড করা হবে। একইসঙ্গে নতুন করে সংগ্রহ করা হবে বিভিন্ন উদ্বাস্তু কলোনির ইতিহাস ও নথিপত্র। সব মিলিয়ে বাংলার পার্টিশন মিউজিয়াম হয়ে উঠতে পারে দেশভাগের ইতিহাস, উদ্বাস্তু জীবনের লড়াই এবং কয়েক প্রজন্মের স্মৃতি সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।







