জেলা

বীজপুরে ঝটকা মাংসের দোকান খুললেই ১০ হাজার টাকা! বিধায়ক সুদীপ্ত দাসের নতুন ঘোষণা

বীজপুর বিধানসভা এলাকায় ঝটকা পদ্ধতিতে মাংসের দোকান বাড়াতে অভিনব উদ্যোগ নিলেন এলাকার নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস। তাঁর ঘোষণা, যে কেউ ঝটকা মাংসের দোকান চালু করলে বা বর্তমান দোকানে ঝটকা পদ্ধতিতে মাংস বিক্রি শুরু করলে ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই বার্তা ছড়িয়ে দিতে ইতিমধ্যেই এলাকাজুড়ে পোস্টারও লাগানো হয়েছে।

বিধায়কের বক্তব্য, অনেক ক্রেতাই হালাল পদ্ধতিতে কাটা মাংস কিনতে স্বচ্ছন্দ নন। সাধারণভাবে, নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে ধাপে ধাপে জবাই করা মাংসকে হালাল বলা হয়, আর এক কোপে পশু জবাই করার পদ্ধতিকে ঝটকা বলা হয়। তাঁর মতে, ক্রেতাদের পছন্দ ও বিশ্বাসের কথা মাথায় রেখেই ঝটকা পদ্ধতির মাংসের দোকান বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষ নিজেদের পছন্দ অনুযায়ী মাংস কিনতে পারেন।

এই প্রসঙ্গে সুদীপ্ত দাস বলেন, তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবেই দেখেন। তবে তাঁর দাবি, এলাকায় অধিকাংশ দোকানেই হালাল পদ্ধতিতে মাংস বিক্রি হয়, অথচ ঝটকা পদ্ধতির দোকান প্রায় নেই। তাঁর মতে, বিভিন্ন বিশ্বাস ও খাদ্যাভ্যাসের মানুষের জন্য দুই ধরনের ব্যবস্থাই থাকা উচিত। তাই ঝটকা পদ্ধতিতে মাংস বিক্রিকে উৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে হিন্দু ক্রেতারাও নিজেদের পছন্দমতো মাংস কিনতে পারেন।

বিধায়ক আরও জানান, এই আর্থিক সহায়তা সরকারি কোনও প্রকল্পের অংশ নয়, সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত উদ্যোগ। নতুন করে ঝটকা মাংসের দোকান খুলতে আগ্রহী ব্যবসায়ী কিংবা বর্তমানে চলা দোকানে এই পদ্ধতি চালু করতে ইচ্ছুক যে কোনও দোকানদার তাঁর সঙ্গে যোগাযোগ করলে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.