নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই বাংলা ও বাঙালীর বড় উৎসব দূর্গাপূজো। দূর্গাপূজোকে কেন্দ্র করে একদিকে থাকে যেমন সাবেকীআনা। অন্য দিকে থাকে মন্ডপ, প্রতিমার প্রতিযোগীতা। থিমের পূজায় এখন শহরকে টেক্কা দিচ্ছে গ্রাম।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক। জলচক-গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দূর্গোৎসব কমিটি গত বছর ৮একর জলাশয়ের উপর টাইটানিক জাহাজের আদলে মন্ডপ তৈরী করে সাড়া ফেলে দিয়েছিলো পুরো জেলায়। অবিভক্ত মেদিনীপুর শুধু নয়, দূরদূরান্তের জেলা এমনকি শহর কলকাতার মানুষ এসেছিল পিংলার জলচকের এই টাইটানিক মন্ডপ দেখতে।
এবছর এই দূর্গাপূজার ৬৫ বছর। এবারেও নজর কাড়তে চলছে এই পূজো কমিটি। আজ খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হল মন্ডপ তৈরীর কাজ। এবছরের থিম তামিলনাড়ুর কন্যাকুমারী। প্রায় ৮ একর জলাশয়ের উপর তৈরী হবে মন্ডপ। আলোর রোশনাইয়ে পূজোর কটা দিন সেজে উঠবে কন্যাকুমারীর আদলে তৈরী এই মন্ডপ। প্রায় ৩০ লক্ষ টাকার বাজেট নিয়ে আধ্যাত্মিক চেতনার জায়গা কন্যাকুমারীর চিত্র ফুটিয়ে তুলতে সদাব্যস্ত এই জলচক পূজো কমিটির উদ্যোক্তারা। গত বছরের তুলনায় রেকর্ড় ভীড় হবে বলে দাবী তাদের।







