আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। তাঁর অনুপস্থিতিতে আর্জেন্টিনার পথচলা কেমন হবে, তা দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসি-পরবর্তী অধ্যায়ের সূচনাটা একেবারেই সুখকর হল না। বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিরুদ্ধে ১-২ গোলে পরাজিত হল লিওনেল স্কালোনির দল। ম্যাচের অধিকাংশ সময় বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও একের পর এক গোলের সুযোগ নষ্ট করার মাশুল দিতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। আত্মঘাতী গোলের ধাক্কা সামলে হুলিয়ান আলভারেজ ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি।
গত মাসে বেনিনের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন মেসি। ২০৭টি ম্যাচের দীর্ঘ ও বর্ণময় আন্তর্জাতিক যাত্রায় ইতি টানার পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। অধিনায়ককে ছাড়াই মাঠে নেমে উরুগুয়ের কাছে হারতে হল স্কালোনির ছেলেদের। আসলে উরুগুয়ের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন এনজো ফার্নান্ডেজরা। একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে আর্জেন্টিনা। প্রথমার্ধে নিকো পাজের উদ্যোগে বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি হয়। কিন্তু উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়েরমারিনের অসাধারণ নৈপুণ্যে গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরবোর্ডে কোনও দলই গোলের খাতা খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতিপ্রকৃতি পালটে যায়। ৪৮ মিনিটে জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রিকিক থেকে বিপদ তৈরি হয় আর্জেন্টিনার। বল বিপন্মুক্ত করতে গিয়ে লিসান্দ্রো মার্টিনেজের হেড লিওনার্দো বালের্দির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সেই ধাক্কা সামলানোর আগেই ফের গোল হজম করতে হয় স্বাগতিকদের। ৫৩ মিনিটে দে আরাসকায়েতার নেওয়া কর্নার থেকে ম্যাক্সি আরাউহোর গায়ে লেগে বল আর্জেন্টিনার জালে ঢুকে যায়। ফলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় উরুগুয়ে।
তবে লড়াই ছাড়েনি আর্জেন্টিনা। ৭৮ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমে। ম্যাচের শেষদিকে সমতা ফেরানোর সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ১-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্বচ্যাম্পিয়নদের। দীর্ঘদিন পর নিজেদের ঘরের মাঠে প্রীতি ম্যাচে হারের স্বাদ পেল আর্জেন্টিনা।
তবে এই পরাজয় নিয়ে বিশেষ উদ্বিগ্ন নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসির অবসরের পর দলের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। প্রায় তিন দশক পর ঘরের মাঠে প্রীতি ম্যাচে হার এবং টানা ৩০টি প্রীতি ম্যাচ অপরাজিত থাকার ধারায় ছেদ—দুটিই নিঃসন্দেহে বড় ধাক্কা। যদিও ফলাফলের চেয়ে নতুন দল গড়ে তোলার উপরেই বেশি গুরুত্ব দিতে চান কোচ। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বাড়ানো স্কালোনির বক্তব্য, নতুন ফুটবলারদের সময় ও ধৈর্য দিতে হবে। তাঁর কথায়, “ধৈর্য ধরতে হবে। ছেলেরা তরুণ। ওরা দলের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেবে। দলকে কাঁধে তুলে নেবে, এমন প্রত্যাশা এখনই করা যায় না। কাজটা কঠিন ছিল। বিশেষ করে প্রতিপক্ষ যখন এত ভালো দল।”
উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচেও পরাজয়ের মুখ দেখেছিল আর্জেন্টিনা। এবারও সেই ব্যর্থতার পুনরাবৃত্তি হল। ২০১৯ সালের ২২ মার্চ ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে হারের পর এই প্রথম এমন পরিস্থিতির মুখে পড়ল তারা। পাশাপাশি ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর মার দেল প্লাতায় যুগোস্লাভিয়ার কাছে পরাজয়ের পর এই প্রথম ঘরের মাঠে প্রীতি ম্যাচে হারল আর্জেন্টিনা। মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার পর তাই নতুন দলকে ঘিরে প্রত্যাশা পূরণের পাশাপাশি নিজেদের নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়াই এখন স্কালোনির প্রধান চ্যালেঞ্জ।







