ঝাড়গ্রাম: রাতের অন্ধকারে পুলিশের নজর এড়িয়ে গরু পাচারের অভিযোগ। পুলিশের তৎপরতায় ধাওয়া করে আটক করা হল গরুবোঝাই দু’টি লরি। তল্লাশি চালিয়ে দু’টি লরি থেকে মোট ৪৫টি গরু উদ্ধার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই লরি চালককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে কলকাতার উদ্দেশে গরু নিয়ে যাচ্ছিল লরি দু’টি। মঙ্গলবার মধ্যরাতে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পাড়া বিট হাউস এলাকার টোল প্লাজার কাছে পুলিশের নজরে আসে গাড়ি দু’টি। লরিগুলির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেগুলিকে থামানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা।
অভিযোগ, পুলিশের নির্দেশ উপেক্ষা করে লরি দু’টির চালক পালানোর চেষ্টা করেন। এরপরই গাড়ি দু’টির পিছু নেয় পুলিশ। বেশ কিছুটা পথ ধাওয়া করার পর শেষ পর্যন্ত লরি দু’টিকে আটক করা সম্ভব হয়।
এরপর গাড়িতে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর ছবি। লরির ভিতরে বাঁধা অবস্থায় পাওয়া যায় মোট ৪৫টি গরু। এরপরই গরুগুলিকে উদ্ধার করে পুলিশ। দু’টি লরিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, গরুগুলিকে বেআইনিভাবে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, গরুগুলির প্রকৃত গন্তব্য কোথায় ছিল এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় গ্রেফতার দুই চালকের নাম শেখ রিয়াজ উদ্দিন ও শেখ রিয়াজ। ধৃতদের মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে।
ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোটা পাচারচক্রের হদিশ পেতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।







