আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ এসে পড়ল এবার কলকাতাতেও। বহুতল ঘেরা রাজারহাট, নিউটাউন, চিনারপার্ক, বাগুইআটি, মধ্যমগ্রাম থেকে দোলতলা পর্যন্ত বিস্তৃত বিমানবন্দর সংলগ্ন অঞ্চলে এবার কড়া নির্দেশ জারি করল রাজ্য সরকার।
জি+৮’র ওপরে বহুতলের অনুমতি নয়!
সাফ জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর স্পষ্ট বার্তা, “নতুন করে আর একটিও জি+৮’র বেশি উচ্চতা বিশিষ্ট বহুতলের অনুমতি দেওয়া হবে না।” যাঁরা ইতিমধ্যেই অনুমতি পেয়ে গিয়েছেন, তাঁদের নির্মাণে বাধা দেওয়া হবে না—তবে এখন থেকে নিয়মে কোনওরকম শিথিলতা নয়।
বিমান দুর্ঘটনার আতঙ্কই নড়িয়ে দিল প্রশাসনকে
গত ১২ জুন, আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়তেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান AI 171। লন্ডনগামী সেই বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী ও ক্রু। পড়ে যায় একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর। মৃত্যু হয় প্রায় সকলের। সেই ভয়ঙ্কর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—বিমানবন্দর চত্বরে অবাধ উচ্চ ভবন নির্মাণ কতটা বিপজ্জনক!
২০ কিমি এলাকাজুড়ে নতুন নিয়ম, নতুন চাপ
এখন থেকে কলকাতা বিমানবন্দর সংলগ্ন ২০ কিমির মধ্যে কোনও বহুতল নির্মাণের আগে বাধ্যতামূলকভাবে নিতে হবে এয়ারপোর্ট অথরিটির ছাড়পত্র। আগে এই সীমা ছিল ১০ কিমি। নতুন নিয়মে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, উত্তর দমদম, বিধাননগরের একাধিক অংশ পড়ে গেল কঠোর নজরদারির আওতায়।
ফানেল জোনে বাড়ছে নিয়ন্ত্রণ
বিমান ওঠানামার পথে থাকা মধ্যমগ্রামের ২৬, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে আগে থেকেই দু’তলার বেশি ভবন নির্মাণে নিষেধাজ্ঞা ছিল। এবার সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে আরও কঠোরভাবে। কড়া নজরদারিতে থাকবে উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর মিউনিসিপ্যালিটি ও নিউটাউনের উন্নয়ন পর্ষদ।
ডিজিসিএ’র বৈঠকে কড়া বার্তা
অসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফে দেশের সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে ডিজিসিএ জানিয়ে দেয়—বিমান চলাচলে কোনওরকম অন্তরায় বরদাস্ত করা হবে না। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের কাছে একাধিক অভিযোগ জমা দিয়েছে।
উন্নয়নের নামে বিপদ নয়—এবার নিরাপত্তাই অগ্রাধিকার!
উচ্চবহুতলের দৌড় থামিয়ে এবার রাজ্য প্রশাসনের স্পষ্ট বার্তা—আকাশে উড়বে প্লেন, ঝুঁকি নয় উন্নয়ন চাই নিরাপত্তা সঙ্গেই।







