কলকাতা

কলকাতা পুরনিগমে গুরুত্বপূর্ণ TVC বৈঠক, হকার উচ্ছেদে পুনর্বাসন বাধ্যতামূলক, একাধিক বড় সিদ্ধান্ত

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরনিগমে অনুষ্ঠিত হল টাউন ভেন্ডিং কমিটির (TVC) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক। শনিবার পুর প্রশাসক তথা কমিশনার স্মিতা পাণ্ডের ডাকে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক, পুরনিগমের বিভিন্ন বিভাগের ডিজি ও আধিকারিক, টাউন ভেন্ডিং কমিটির সদস্য এবং বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিরা।

বৈঠকে শহরের হকারদের ভবিষ্যৎ, উচ্ছেদ, পুনর্বাসন ও ভেন্ডিং জোন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতায় নতুন করে ভেন্ডিং ও নন-ভেন্ডিং জোন চিহ্নিত করতে বিস্তৃত সার্ভে করা হবে। পাশাপাশি কোন এলাকা ভেন্ডিং এবং কোন এলাকা নন-ভেন্ডিং হিসেবে নির্ধারিত হবে, তা স্পষ্ট করতে জোনেশন ম্যাপিংয়ের কাজও শুরু হবে।

এছাড়া কেন্দ্রের পিএম স্বনিধি প্রকল্পের ঋণ সুবিধা প্রকৃত হকারদের কাছে পৌঁছে দিতে নতুন করে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সমস্ত মিউনিসিপ্যাল মার্কেটের প্রবেশদ্বার থেকে অন্তত ৪৫ ফুট এলাকা হকারমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেজিস্টার্ড ও নন-রেজিস্টার্ড হকারদের পৃথকভাবে চিহ্নিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে।

অন্যদিকে, হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি TVC পুনর্গঠনের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সমস্ত হকার সংগঠনকে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করা উচিত। পাশাপাশি, উচ্ছেদের মুখে পড়া হকারদের ব্যবসার উপযোগী নিকটবর্তী এলাকায় পুনর্বাসনের দাবিও তোলা হয়েছে।

হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি তথা TVC সদস্য অসিত সাহা জানান, বিভিন্ন এলাকায় যে নোটিস জারি হয়েছে, তা মূলত অবৈধ দখল সরানোর জন্য। তিনি স্পষ্ট করেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনও হকারকে উচ্ছেদ করা হবে না। পাশাপাশি পুনর্বাসনের স্থান এমন হতে হবে, যেখানে ক্ষতিগ্রস্ত হকাররা স্বাভাবিকভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন—এ বিষয়েও বৈঠকে নীতিগত ঐকমত্য হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.