আপাতত বিধানসভার বিরোধী দলনেতার পদে আর থাকছেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়! শুক্রবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলাটি খারিজ হয়ে গেল। একইসঙ্গে বিরোধী দলনেতা কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্পিকারের উপরেই ছেড়ে দিল আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, আগামী ১০ দিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে। অর্থাৎ, এই সময়ের মধ্যে বিরোধী দলনেতার পদে কেউ থাকছেন না।
বিরোধী দলনেতার আসনে শেষ পর্যন্ত মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় বসবেন, নাকি গণতান্ত্রিক তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই ওই পদে বহাল থাকবেন, তা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে স্পষ্ট করতে হবে স্পিকারকে। আদালতের এই নির্দেশে ঋতব্রত শিবির কিছুটা অস্বস্তিতে পড়ল। অন্যদিকে, কালীঘাট শিবিরের কাছে এই রায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে দুই শিবিরে বিভক্ত হওয়ার পর থেকেই বিরোধী দলনেতার পদ নিয়ে বিবাদ শুরু হয়। বিধানসভায় সংখ্যার বিচারে ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূল তাঁকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেয়। স্পিকার রথীন্দ্রনাথ বসুও সেই সিদ্ধান্তে সম্মতি জানান। কিন্তু এই পদে ঋতব্রতর থাকা নিয়ে আপত্তি তোলে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করা মমতা তৃণমূল। প্রথমে স্পিকারের কাছে, পরে কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা করেন শোভনদেব চট্টোপাধ্যায়।
শোভনদেবের অভিযোগ, ঋতব্রত-সহ একাধিক বিধায়ক দলত্যাগ সংক্রান্ত আইন মেনে দল পরিবর্তন করেননি। সেই কারণে তাঁদের বিধায়ক পদ বাতিলের দাবিও জানানো হয়। বিরোধী দলনেতার পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আগেও একাধিকবার আদালত স্পিকারের উপরেই ছেড়ে দিয়েছিল। তবে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে স্পিকার জানিয়ে দেন, ঋতব্রতকে বিরোধী দলনেতার পদ থেকে সরানো এবং অন্য বিধায়কদের সদস্যপদ খারিজের দাবিতে শোভনদেবের করা আবেদনের পদ্ধতিগত ত্রুটি রয়েছে। ফলে নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়।
এরপর ফের স্পিকারের কাছে আবেদন জমা দেওয়ার পাশাপাশি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় মমতা তৃণমূল। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও শোভনদেবের আবেদন খারিজ করে দেন। আদালতের বক্তব্য, বিরোধী দলনেতা কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্পিকারের। আগামী ১০ দিনের মধ্যে তাঁকে এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ করতে হবে। ততদিন বিধানসভায় বিরোধী দলনেতার পদ শূন্য থাকবে।
মমতা তৃণমূলের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জানান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রথমে দু’মাসের জন্য অস্থায়ীভাবে বিরোধী দলনেতার দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু এরপরও তিনি ওই পদে রয়েছেন বলে দাবি করে আসছিলেন। আদালতের রায়ে সেই পরিস্থিতির অবসান হয়েছে বলেই তাঁদের মত। তাঁর বক্তব্য, আগামী ১০ দিনের মধ্যে স্পিকার ঠিক করবেন বিরোধী দলনেতা কে হবেন। তার আগে পর্যন্ত এই পদে কেউ থাকবেন না।
এদিকে, আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভায় শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। তার আগেই স্পিকারকে বিরোধী দলনেতা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় বিরোধী দলনেতা ছাড়াই অধিবেশন শুরু হতে পারে। বিধানসভার ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন হতে পারে বলেই মনে করা হচ্ছে।







