একদিকে প্রযুক্তির উন্নতি, অন্যদিকে চাকরির বাজারে বাড়ছে অনিশ্চয়তা। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে ব্যবসার খরচ কমানোর পথে হাঁটতে চাইছে জার্মানির সফটওয়্যার সংস্থা SAP। আর সেই লক্ষ্যেই প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, সংস্থার মোট কর্মীর প্রায় ৯ শতাংশ এই সিদ্ধান্তের প্রভাবের মুখে পড়তে পারেন।
জানা গিয়েছে, SAP-এর বিভিন্ন বিভাগে ব্যয় কমানোর সুযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে কর্মী সংখ্যা কমানোর সম্ভাবনা রয়েছে। তবে কতজন কর্মী শেষ পর্যন্ত চাকরি হারাবেন, তা এখনও নির্ধারিত হয়নি।
সংস্থার CEO ক্রিশ্চিয়ান ক্লেইন ব্যবসার প্রতিটি ক্ষেত্রে AI প্রযুক্তির ব্যবহার বাড়াতে আগ্রহী। সফটওয়্যার তৈরি, পরিষেবা প্রদান এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও বেশি কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। ফলে আগামী দিনে কর্মীদের দায়িত্ব ও কাজের ধরনে বড় পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালেও প্রায় ১০ হাজার পদ কমানোর পরিকল্পনা করেছিল SAP। স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ এবং কর্মীদের পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। বর্তমানে বিশ্বজুড়ে সংস্থাটিতে প্রায় ১ লক্ষ ১৩ হাজার কর্মী রয়েছেন।
যদিও নতুন করে ছাঁটাইয়ের বিষয়ে SAP এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করেনি। সংস্থার বক্তব্য, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের ভূমিকা পর্যালোচনা করা হচ্ছে। ফলে আপাতত ১০ হাজার চাকরি কমানোর খবরকে সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।






