শিক্ষা

শ্রেণিকক্ষ পেরিয়ে কর্মজগতের পথে পড়ুয়ারা, শিল্পের সঙ্গে নতুন সেতুবন্ধন স্কটিশ চার্চ কলেজে

কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজে এবার পড়াশোনার গণ্ডি পেরিয়ে কর্মজগতের সঙ্গে সরাসরি পরিচয়ের সুযোগ পেল পড়ুয়ারা। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, ইন্টার্নশিপ, গবেষণা ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে পড়ুয়াদের ধারণা দিতে কলেজে আয়োজন করা হল বিশেষ ‘অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি ইন্টারফেস’ অনুষ্ঠান।

মঙ্গলবার কলেজের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের মধ্যে দূরত্ব কমানো। কলেজের আইকিউএসি এবং আইআইসি-র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষা থেকে শুরু করে গবেষণা, উদ্ভাবন, ইন্টার্নশিপ এবং চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দুই বিধায়ক বিজয় ওঝা ও অমিত সামন্ত। উপস্থিত ছিলেন বিশপের প্রতিনিধি রেভারেন্ড আবির অধিকারী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসসি কো-অর্ডিনেটর পীযূষ কান্তি পানিগ্রাহী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে পড়ুয়ারা জানতে পারেন, কর্মজগতে পা রাখার আগে কোন ধরনের দক্ষতা অর্জন করা জরুরি এবং বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের সুযোগ রয়েছে। শুধু শিক্ষক-শিক্ষিকাই নন, আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন পড়ুয়ারারাও।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল নাইটিঙ্গেল হসপিটাল এবং ডাকব্যাক-এর সঙ্গে দুটি সমঝোতাপত্র স্বাক্ষর। কলেজ কর্তৃপক্ষের আশা, এর ফলে আগামী দিনে পড়ুয়াদের ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দরজা খুলবে।

পাশাপাশি কলেজের অ্যাসেম্বলি হলে আয়োজিত প্রদর্শনীতে তুলে ধরা হয় প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগ। স্কিল ডেভেলপমেন্ট, গবেষণা ও উন্নয়ন, স্বনির্ভরতা, উদ্ভাবন, মেধাস্বত্ব, ইন্টার্নশিপ, কাউন্সেলিং, চিকিৎসা পরিষেবা, সমাজসেবা এবং এনএসএস-এর নানা কর্মকাণ্ড সেখানে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিধায়কদের বক্তব্যেও উঠে আসে শিক্ষা ও শিল্পের সমন্বয়ের প্রয়োজনীয়তা। তাঁদের মতে, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ ছাড়া শিল্পের বিকাশ সম্ভব নয়। তাই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের মধ্যে যোগাযোগ যত বাড়বে, ততই পড়ুয়াদের দক্ষতা ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে। একই সঙ্গে রাজ্যের প্রতিভাবান তরুণ-তরুণীদের অন্যত্র চলে যাওয়ার প্রবণতাও কমানো সম্ভব হতে পারে।

স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ মধুমঞ্জরী মণ্ডলের বক্তব্য, বর্তমান সময়ে শুধু পাঠ্যক্রমের জ্ঞান যথেষ্ট নয়। পড়ুয়াদের বাস্তব অভিজ্ঞতা এবং শিল্পক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াও শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাঁর মতে, শিক্ষা ও শিল্পের এই সরাসরি সংযোগ ভবিষ্যতে পড়ুয়াদের পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.