মেডিক্যাল পড়ুয়াদের বহু প্রতীক্ষিত NEET PG 2026 পরীক্ষা ঘিরে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল কেন্দ্র। পরীক্ষা আরও স্বচ্ছ, নিরাপদ এবং পরীক্ষার্থী-বান্ধব করতে একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, এবার আর একাধিক শিফটে নয়—দেশজুড়ে একটি মাত্র শিফটেই অনুষ্ঠিত হবে পরীক্ষা।
পরীক্ষার ধরনেও এসেছে উল্লেখযোগ্য বদল। আগে যেখানে ২০০টি বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) থাকত, এবার সেই সংখ্যা কমিয়ে ১৮০টি করা হয়েছে। তবে পরীক্ষার মোট সময় ২১০ মিনিটই রাখা হয়েছে। ফলে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরীক্ষার্থীরা আগের তুলনায় বেশি সময় পাবেন, যা চাপ কিছুটা কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
পরীক্ষাকেন্দ্র বাছাইয়ের ক্ষেত্রেও নতুন ব্যবস্থা চালু হয়েছে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের তিনটি রাজ্যের বিকল্প দিতে হবে, তবে নিজের রাজ্যকে প্রথম পছন্দ হিসেবে রাখা বাধ্যতামূলক। এর ফলে দূরের রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়ার সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করছে স্বাস্থ্য মন্ত্রক। এছাড়া পরীক্ষার প্রায় তিন সপ্তাহ আগেই পরীক্ষার শহরের নাম জানিয়ে দেওয়া হবে, যাতে যাতায়াত ও থাকার পরিকল্পনা সহজে করা যায়।
নিরাপত্তা জোরদার করতেও একাধিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্রে বহুস্তরীয় এনক্রিপশন, নির্দিষ্ট সময়ে ডিজিটাল ডিক্রিপশন, আধারভিত্তিক পরিচয় যাচাই, প্রয়োজনে আইরিস বায়োমেট্রিক, সিসিটিভি নজরদারি, সিগন্যাল জ্যামার, ফ্রিস্কিং এবং কেন্দ্রীয় কমান্ড সেন্টার থেকে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি অনিয়ম বা ভুয়ো পরীক্ষার্থীর অভিযোগ জানাতে চালু করা হয়েছে বিশেষ ই-মেল পরিষেবা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এবার NEET PG 2026-এ নাম নথিভুক্ত করেছেন ২,৭৩,১৮৩ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় ১২.৫ শতাংশেরও বেশি। দেশের প্রায় ৩৪০টি শহরের ১,৩০০-রও বেশি পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষা হবে এবং দায়িত্বে থাকবেন ৬০ হাজারেরও বেশি পরীক্ষাকর্মী।
শনিবার পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দেশ দেন, যাতে গোটা পরীক্ষা প্রক্রিয়া নিরাপদ, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর এবং পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুবিধাজনকভাবে সম্পন্ন হয়।







