রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে SIR শুরুর পরই বহু মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে । আর সব ক্ষেত্রেই উঠছে আত্মহত্যার অভিযোগ । আর বুধবার সকালে , তা নিয়েই কমিশনকে বিধলেন মমতা । মমতার কথায় , ” রাজ্যে এসআইআর শুরুর পর ২৮ জনের মৃত্যু হয়েছে। মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে। ”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লেখেন , ” আজ আরও একজন বিএলওকে হারালাম। অঙ্গনওয়াড়িতে কাজ করতেন ওই মহিলা। এসআইআরের এত চাপ নিতে পারেননি। ” তৃণমূল সুপ্রিমো , এবিষয়ে আরো লেখেন , ” অপরিকল্পিতভাবে একটা কাজ শুরু করে, কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে যার জেরে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে। যে কাজ করতে আগে ৩ বছর সময় নেওয়া হয়েছে, রাজনীতির কারণে এবার তা ২ মাসে করা হচ্ছে। ”
বাংলায় SIR ঘোষণার পর থেকেই পরিস্থিতি মর্মান্তিক হয়ে উঠেছে । বহু জায়গাতেই দেখা যাচ্ছে , তালিকায় যদি নাম না থাকে তাহলে দেশছাড়া হতে , সেই আশঙ্কায় আত্মহত্যা করছেন অনেকেই । অনেক জায়গায় , কাজ চাপ সামলাতে না পেরে বিএলও দের আত্মহত্যার অভিযোগ আসছে ।
এমনই এক ঘটনা সামনে এসেছে বুধবার সকালেও । মালবাজারে সাত সকালে উদ্ধার হয় , এক মহিলা বিএলও এর ঝুলন্ত দেহ । পরিবারের দাবী SIR এর কাজের চাপই ওই মহিলার আত্মহত্যার মূল কারণ । এই ঘটনার পরই পরিস্থিতি মোকাবিলায় কমিশনকে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







