বিদেশবিনোদন

ফরিদপুরে জেমসের কনসার্টে ইটবৃষ্টি, পণ্ড অনুষ্ঠান: আহত অন্তত ২৫ জন

বাংলাদেশে সঙ্গীতানুষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল ফরিদপুরের ঘটনা। জেলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রক কনসার্টে হামলার মুখে পড়ে পণ্ড হয়ে গেল জনপ্রিয় রক তারকা জেমস ও তাঁর ব্যান্ডের অনুষ্ঠান। ঘটনায় ছাত্র-আয়োজকসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে দাবি আয়োজকদের।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ফরিদপুর জেলা স্কুলের বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানটি ছিল কেবলমাত্র বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের জন্য। তবে অনুষ্ঠান শুরুর আগেই কয়েক হাজার বহিরাগত দর্শক অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে থাকেন। তাঁদের ভেতরে প্রবেশের অনুমতি না দেওয়ায় উত্তেজনা বাড়ে। পরিস্থিতি সামাল দিতে স্কুল চত্বরের বাইরে দুটি বড় প্রজেক্টরের ব্যবস্থা করা হলেও তাতে পরিস্থিতি শান্ত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এক পর্যায়ে বহিরাগতদের একাংশ দেওয়াল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করে। বাধা দিলে ক্ষোভ চরমে পৌঁছয় এবং শুরু হয় ইট-পাথর ছোড়া। এতে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়। আহত হন একাধিক ছাত্র, স্বেচ্ছাসেবক ও আয়োজক। যদিও এই হামলায় শিল্পী জেমস বা তাঁর ব্যান্ডের কোনও সদস্য শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হননি। পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ায় নিরাপত্তার স্বার্থে জেমস ও তাঁর দল অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ভিন্ন দাবি উঠে এসেছে। এক বাংলাদেশি যুবক ভিডিও বার্তায় দাবি করেন, হামলাকারীরা আদতে সাংস্কৃতিক অনুষ্ঠান বিরোধী এবং বাংলাদেশে কোনও সঙ্গীতানুষ্ঠান হোক—তা তারা চায় না। অনেকের অভিযোগ, হামলায় কট্টরপন্থী গোষ্ঠীর সমর্থকদের ভূমিকা থাকতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছায়ানট ও উদীচীর অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। সেই ধারাবাহিকতায় এবার জেমসের কনসার্টে হামলার ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলেছে। প্রায় সাড়ে তিন দশক ধরে বাংলাদেশের রক সঙ্গীতের অন্যতম মুখ জেমসের উপর এই হামলা সাংস্কৃতিক পরিসরের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.