খেলাধুলা

পিসিবির আইনি চিঠি ক্যামেরার সামনে ছিঁড়ে উড়িয়ে দিলেন দলের কর্তা! পাক ক্রিকেটে তুঙ্গে অন্তর্দ্বন্দ্ব

পাকিস্তান ক্রিকেটে এখন মাঠে খেলার চেয়েও বেশি নাটক চলছে বোর্ডের অন্দরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘হুমকির’ বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদে শামিল হলেন দেশেরই এক ফ্র্যাঞ্চাইজি কর্তা। পিসিবির পাঠানো আইনি চিঠি ছিঁড়ে উড়িয়ে দেন পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানসের সহ-মালিক আলি খান তারিন। এই দলেই খেলেন তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। চুক্তি নবায়নের আগে ‘হুমকি’ বোর্ডের
পিসিবি এবং ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে বর্তমানে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। তাদের দশ বছরের ফ্র্যাঞ্চাইজি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং নতুন চুক্তি হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে পিসিবির সিদ্ধান্তের ওপর। এই পরিস্থিতিতেই মুলতান সুলতানসকে আইনি নোটিস পাঠায় বোর্ড। কারণ, দলের সহ-মালিক আলি খান তারিন সম্প্রতি পিসিবি প্রধান মহসিন নকভি ও বোর্ডের কার্যকলাপের প্রকাশ্য সমালোচনা করেছিলেন। এই সমালোচনার জন্য পিসিবির তরফ থেকে মুলতান সুলতানসকে ক্ষমা চাইতে বলা হয় যা চুক্তি নবীকরণের আগে একরকম ‘হুমকি’ হিসেবেই দেখা হচ্ছে।

কিন্তু ক্ষমা চাওয়া দূরে থাক, আলি খান তারিন ক্যামেরার সামনে সেই চিঠিটি ছিঁড়ে ফেলেন। ক্ষুব্ধ আলি বলেন, “আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করেনি, দেশের ক্রিকেটের কোন সমস্যা নিয়ে তোমার বক্তব্য রয়েছে? সেসব না করে সোজা আমাকে আইনি নোটিস ধরিয়ে দেওয়া হলো। যদিও ওদের ঘটে বুদ্ধি থাকত, তাহলে বুঝত এই ভাবে আমার মুখ বন্ধ করানো যাবে না। একটা কথা স্পষ্ট করে বুঝে রাখুন, এভাবে হুমকি দিলেও আমি চুপ থাকব না।”তিনি আরও জানান, তাঁর আইনি দল তাঁকে বলেছে ক্ষমা চাওয়ার মতো তিনি কিছুই করেননি। তবে পিএসএলের উন্নতির স্বার্থে তিনি ক্ষমা চাইছেন। কিন্তু তিনি বোর্ডের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ। আলির মতে, “আপনারা যেভাবে কোনও কাজ না করেই একে-অপরের পিঠ চাপড়ে যাচ্ছেন, সেটাতেই আমি অখুশি।” এই ঘটনা স্পষ্ট করে দেয় যে পাক ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে এখন বড়সড় অন্তর্দ্বন্দ্ব চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.