নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত রাজনীতি। র্যাগিং-এর অভিযোগ উঠে আসায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। এবার এই ঘটনার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার যাদবপুরের ঘটনাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং-এর বিষয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
বিশেষভাবে উল্লেখ্য, গত কয়েকদিনে যাদবপুরের তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিস। যাদের মধ্যে অন্যতম অভিযুক্ত সৌরভ চৌধুরী। তার মদতেই ব়্যাগিং চলছিল বলে জানতে পেরেছে পুলিস। ঘটনার পরের দিনই সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার আরও দুই সঙ্গী মনতোষ এবং দীপশেখরকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার তাঁদের আদালতে পেশ করা হয়। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যুতে তোলপাড় হয়ে গিয়েছে ক্যাম্পাস থেকে শহর। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আগামী ২২ অগস্ট পর্যন্ত তারা পুলিসের হেফাজতে থাকবে।







