নিজস্ব সংবাদদাতা : ইডি, সিবিআই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে এমনটাই নির্দেশ হাইকোর্টের । এবার আর কোনও বাধা রইল না হাইকোর্টের রায়ে জিজ্ঞাসাবাদে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা । এর পাশাপাশি, কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাইকোর্টের লিগাল এইড-কে সেই জরিমানা দিতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন অভিষেক। এদিন সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে ।
উল্লেখ্য , আগেই এই মামলার শুনানি শেষ হয়েছে । বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন, তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায়? এছাড়াও তিন৯ই বলেছিলেন, তদন্তকারী সংস্থা যে কাউকেই জিজ্ঞাসাবাদ করতে পারে । বৃহস্পতিবার আদালতের রায়ে অভিষেক ও কুন্তল উভয়েরই স্বাভাবিকভাবেই অস্বস্তি আরও বাড়ল ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছে । এই অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে একটি চিঠি দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ । একই সঙ্গে হেস্টিংস থানায়ও অভিযোগ দায়ের করেছিলেন তিনি । সেই মামলা হাইকোর্টে গড়ালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । শীর্ষ আদালতের নির্দেশে সেই মামলা সরে যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। সেই মামলার শুনানি পরে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছিল।







