স্বাধীনতা দিবসের সকালে রেড রোডে আয়োজিত ৭৯তম কুচকাওয়াজে হঠাৎই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় অংশ নিতে আসা একদল পড়ুয়ার মধ্যে একে একে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৩৯ জন। রোদ ও আর্দ্রতায় কাহিল হয়ে পড়া ছাত্রছাত্রীদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে।
হাসপাতালে পৌঁছেই শুরু হয় টানা চিকিৎসা। অসুস্থদের শারীরিক অবস্থা পর্যালোচনা করতে সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা এবং রাজ্যের শীর্ষস্থানীয় চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী জানান, অসুস্থ পড়ুয়াদের অধিকাংশের অবস্থা এখন স্থিতিশীল।
চিকিৎসক মহলের প্রাথমিক অনুমান, তীব্র গরম ও রোদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে এই অসুস্থতা দেখা দিয়েছে। সকাল থেকেই আর্দ্রতা ও তাপমাত্রা ছিল উচ্চমাত্রায়। মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও তা কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়নি।
ঘটনার জেরে রেড রোড ও হাসপাতাল দুই জায়গাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সবাই চিকিৎসাধীন অবস্থায় নিরাপদে আছেন।







