রাজ্য

১০ মিনিটে পৌঁছবে পুলিশ! ১১২ জরুরি পরিষেবায় বড় পরিবর্তনের পথে রাজ্য

জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য পেতে দীর্ঘ অপেক্ষার অভিযোগ বহুদিনের। সেই সমস্যার সমাধানে এবার ১১২ জরুরি পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যজুড়ে এই পরিষেবার আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। লক্ষ্য, ফোন পাওয়ার পর পুলিশের সাড়া দেওয়ার সময় ৩০ মিনিটের বেশি থেকে কমিয়ে মাত্র ১০ মিনিটে নিয়ে আসা।

রাজ্য পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্ত জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে গোটা রাজ্যে উন্নত পরিষেবাসহ ১১২ নম্বর সম্পূর্ণভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই সেই লক্ষ্যে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

পুলিশ সূত্রে খবর, এতদিন ১১২ নম্বরে ফোন এলেও আলাদা গাড়ির ব্যবস্থা না থাকায় সংশ্লিষ্ট থানার গাড়ির উপরই নির্ভর করতে হত। ফলে অনেক ক্ষেত্রেই ঘটনাস্থলে পৌঁছতে দেরি হত। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের ৪৫০টিরও বেশি থানায় ১১২ পরিষেবার জন্য একটি করে চারচাকা গাড়ি এবং দুটি করে মোটরবাইক বরাদ্দ করা হবে।

এর ফলে কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে কল পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট গাড়ি বা বাইক ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিতে পারবে। বিশেষ করে দুর্ঘটনা, অপরাধ, মহিলাদের নিরাপত্তা বা অন্য যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, দেশে একক জরুরি পরিষেবা হিসেবে ১১২ নম্বর চালু হয় ২০১৯ সালে। তবে পশ্চিমবঙ্গে এতদিন সেই পরিষেবা পূর্ণাঙ্গভাবে কার্যকর ছিল না। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের কাছে জরুরি পুলিশি পরিষেবা আরও দ্রুত, আধুনিক এবং সহজলভ্য হবে বলে আশা করছে রাজ্য পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.