শিশু শিক্ষা কেন্দ্রের একাধিক অভিযোগ তুলে তিন দিন থেকে তালা বন্ধ স্কুল! পরীক্ষা দিতে পারলেন না পড়ুয়ারা
ময়নাগুড়ি, ২ই ডিসেম্বর : শিশু শিক্ষা কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ তুলে তালা বন্ধ করে দিলেন অভিভাবকরা। যার জেরে প্রাথমিকের প্রথম দিনের পরীক্ষা দিতে পারলেন না পড়ুয়ারা। এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের মধ্য শালবাড়ী দুর্গা বাড়ি শিশু শিক্ষা কেন্দ্রে। নানা অভিযোগ তুলে গত মঙ্গলবার থেকেই স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। তা বহাল থাকে বৃহস্পতিবার পর্যন্ত। সমস্যা সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান অভিভাবকরা।
জানা যায়, স্কুলের পঠন পাঠনে সন্তুষ্ট নন অভিভাবকরা। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও নিয়মিত আসেন না স্কুলে। ছাত্র ছাত্রীদের আয়রন যুক্ত জল দেওয়ার অভিযোগ। নিম্ন মানের মিড ডে মিল দেওয়ারও অভিযোগ তোলেন পড়ুয়া সহ অভিভাবকরা। বেশ কয়েকদিন থেকে স্কুলে হচ্ছিল না মিড ডে মিল এমনই অভিযোগ করেন অভিভাবকরা। যার জেরে বাধ্য হয়ে গত মঙ্গলবার স্কুলে তালা বন্ধ করে দেন এলাকার পড়ুয়াদের অভিভাবকরা। এই অবস্থায় গত দুই দিন স্কুলের মাঠেই ক্লাস চালান স্কুলের শিক্ষিকারা। তবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা। তবে তালা বন্ধ থাকায় প্রথম দিনের পরীক্ষা দিতে পারলেন না পড়ুয়ারা। এদিকে সমস্যা সমাধান না হলে তালা খুলবেন না বলে জানান অভিভাবকরা।







