সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ করেই সরে গিয়েছিলেন অভিনেতা বাবিল খান। তার আগে তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে কাঁদতে কাঁদতে অসংলগ্ন কিছু কথা বলতে দেখা যায়। সেই ভিডিওতে অনন্যা পান্ডে, অরিজিৎ সিংহ, রাঘব জুয়াল ও সিদ্ধান্ত চতুর্বেদী সহ একাধিক তারকার নাম উঠে আসে। পরে অবশ্য সেই ভিডিওটি মুছে ফেলা হয়।
বাবিলের আচমকা এই ব্যবহারে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। এরপর তাঁর টিমের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়, বাবিল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। টিম জানায়, বাবিল এখন সুস্থ আছেন এবং ধীরে ধীরে পরিস্থিতি সামলে নিচ্ছেন।
সোমবার বাবিল খান পুনরায় ফিরে এলেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি তাঁর টিমের বিবৃতি শেয়ার করেন এবং সকলকে ধন্যবাদ জানান। ইনস্টাগ্রাম স্টোরিতে কুবরা সেটের একটি বিবৃতি শেয়ার করে বাবিল লেখেন,”আপনাদের অনেক ধন্যবাদ। আমার একটি ভিডিওর অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি অনন্যা পান্ডে, শানায়া কাপুর, গৌরব আদর্শ, অর্জুন কাপুর, রাঘব জুয়াল, অরিজিৎ সিংহদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম।”
সেইসঙ্গে বাবিল লেখেন,”আমি ক্লান্ত। এর থেকে বেশি কিছু বলার শক্তি আমার এই মুহূর্তে নেই। তবে আমার সহযোগীদের জন্য এইটুকু লিখতেই হচ্ছে, আমি ওঁদের শ্রদ্ধা করি।” এদিন তিনি সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং অনন্যা পান্ডে, অরিজিৎ সিংহদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনন্যা, সিদ্ধান্তসহ অন্যরাও বাবিলের স্টেটাসে ভালবাসা জানান। বাবিলের এই প্রকাশ্য আবেগ ও পরবর্তী আশ্বস্তবার্তায় কিছুটা নিশ্চিন্ত হয়েছেন তাঁর অনুরাগীরা।







