পুণে আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় মাদক পাচারের চক্রের পর্দাফাঁস করল শুল্ক দফতর। ব্যাঙ্কক থেকে ভারতে আসা এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল ১০.৬৪২ কেজি হাইড্রোপনিক গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লক্ষ টাকা।
শুল্ক দফতর সূত্রে খবর, অভিযুক্ত যাত্রীর চেক-ইন ব্যাগেজে থাকা বাণিজ্যিক খাদ্যসামগ্রীর মধ্যে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। মোট ন’টি ভ্যাকুয়াম সিল করা প্যাকেটে গাঁজা ভরা ছিল। প্যাকেটগুলির গায়ে লেখা ছিল ‘ফ্রিজ ড্রাইড মন্থং ডুরিয়ান’। নুডলসের প্যাকেট-সহ অন্যান্য খাবারের সামগ্রীর আড়ালে এই মাদক পাচারের চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে।
ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং NDPS আইনে মামলা রুজু হয়েছে। আদালতের নির্দেশে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। এই পাচারের পিছনে কোনও আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।







