‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে ২ বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ এবার খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভার তরফে এই কথাই ঘোষিত হল। উক্ত অভিযোগের ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উবাচ, ‘বিজেপিকে ওঁর সবসময় সাংসদ পদ বাতিল করতে চেয়েছিল। সত্যি কথা যাঁরা বলেন তাঁদের সংসদে রাখতে চায় ওরা। তবে আমরা সংসদের বাইরেও সরব হব। আমরা জেপিসি-র দাবি চালিয়ে যাব। দরকারে গণতন্ত্র বাঁচাতে জেলে যাব। বিকেল ৫টায় কংগ্রেসের অফিসে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করব। আগামী দিনের রণনীতি তৈরি হবে।’
সুরাটের আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের হাজতবাস দেয়। ২০১৯ সালে রাহুল মোদী উপাধি নিয়ে মন্তব্য করেছিলেন। ওই মামলায় আদালত রাহুল গান্ধীকে শাস্তি দিয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় রায় দিয়েছে সুরাত আদালত। সাজা ঘোষণার পর অবশ্য রাহুল জামিনও পেয়েছেন, এমনটাই সূত্রের খবর। তবে এটাও ঠিক যে, সুরাত আদালত জামিন না দিলে রাহুল গান্ধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হতেই পারতেন।







