মহারাষ্ট্রের সাতারায় পুলিশি নিষ্ক্রিয়তা ঘিরে তীব্র বিতর্ক। বাঁ হাতের তালুতে মৃত্যুর কারণ লিখে আত্মহত্যা করলেন এক মহিলা চিকিৎসক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এক পুলিশ সাব-ইনস্পেক্টর তাঁকে ধর্ষণ ও নির্যাতন করছিল। অভিযোগ জানানোর পরেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন।
সূত্রের খবর, মৃতা সাতারার ফলটন উপ-জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার হাসপাতাল চত্বর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। হাতের তালুতে লেখা ছিল— “পুলিশ ইনস্পেক্টর গোপাল বাদনেই আমার মৃত্যুর কারণ। ও আমাকে চার বার ধর্ষণ করেছে। পাঁচ মাস ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করেছে।” এই লেখাই এখন কার্যত তাঁর ‘সুইসাইড নোট’।
জানা গিয়েছে, আত্মহত্যার আগে ১৯ জুন ফলটনের ডিএসপিকে চিঠি লিখেছিলেন ওই চিকিৎসক। সেখানে তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ জানিয়ে আইনি পদক্ষেপের আবেদন করেন তিনি। কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি পরিবারের ও বিরোধীদের।
ঘটনার পর মহারাষ্ট্র জুড়ে তীব্র প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীসের নির্দেশে অভিযুক্ত এএসআইকে বরখাস্ত করা হয়েছে। তবে বিরোধীদের দাবি, “এত বড় অপরাধে শুধুমাত্র বরখাস্ত নয়, কঠোর শাস্তি দরকার।”
কংগ্রেস নেতা বিজয় নামদেবরাও ওয়াদেত্তিওয়ার সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার কোথায়? এই মহিলা আগেই অভিযোগ করেছিলেন, তবুও পুলিশ চুপ ছিল। মহাযুতি সরকার বারবার পুলিশকে রক্ষা করছে, তাই রাজ্যে পুলিশি অত্যাচার বাড়ছে।”
অন্যদিকে, বিজেপি জানিয়েছে মুখ্যমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। “যে-ই হোক, কোনও দোষী রেহাই পাবে না,”— জানিয়েছে দলীয় সূত্র।
সরকারি তরফে জানানো হয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। মৃত চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ। সাতারার পুলিশ সুপার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।
মহারাষ্ট্রের চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এই ঘটনায়। প্রশ্ন উঠছে— অভিযোগের পরেও যদি পদক্ষেপ না হয়, তাহলে সাধারণ নাগরিক ন্যায়বিচার পাবে কীভাবে?







