রাম নবমীকে কেন্দ্র করে রাজ্যে যে হিংসার ঘটনা ঘটেছে তার জন্য ফের বিজেপিকেই দায়ী করল তৃণমূল কংগ্রেস। বুধবার বিজেপির প্রতি কটাক্ষ দাগলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর উবাচ, ‘প্ররোচনা দিয়ে এই কাজ করেছে বিজেপি। রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলছে। একটা ধর্মীয় মিছিল করা হল অনুমতি না নিয়ে। গুজরাত, মহারাষ্ট্র, বিহার, অনেক জায়গায় ঘটছে। কিন্তু শুধু বাংলাকে নিয়ে আলোচনা কেন? সুকান্ত মজুমদার বন্দুক নিয়ে যে মন্তব্য করেছেন, তারপর তিনি অস্বীকার করলেন। এটা একটা গভীর বদ্ধমূল ষড়যন্ত্র।’
শশী পাঁজার সংযোজন, ‘রাজ্যে যে দু’টি ঘটনা ঘটছে তার পেছনে রেছে বিজেপি। ওরা মেরুকরণের রাজনীতি করে। ওদের মুখে গুড ফ্রাই ডের কতা নেই কেন? পঞ্চায়েত এর আগে বাংলা কে অশান্ত করতে দেওয়া হবে না। এসব থেকে নজর ঘোরাতেই কি চিত্রনাট্য তৈরি করে অশান্ত বাংলা নিয়ে আলোচনা হচ্ছে। সুকান্ত বন্দুক নিতে বারণ করলেন না কেন? প্রথমে অস্বীকার করলেন ।তারপর বললেন বন্দুক থেকে তো গুলি চলেনি।’
রাজ্যে অশান্তির ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে পালটা উত্তরও দিয়েছেন রাজ্যপাল। উক্ত বিষয়ে শশীর উবাচ, ‘একটা রাজনৈতিক দলের নেতা রাজ্যপালকে এই ভাষা বলছেন। রাজ্যপাল অত্যন্ত ভদ্র। তাই তিনি ভদ্রভাবে জবাব দিয়েছেন। রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন যে আপনাদের কটাক্ষ, মন্তব্যে আমি প্রভাবিত নয়, বিচলিতও নয়। রাজ্যপাল সব সরেজমিনে দেখেছেন। এতেই সমস্যা হচ্ছে বিজেপির।’







