ক্লাসে অমনোযোগিতার কারণে শাস্তি দিয়েছিলেন মাত্র। আর তাতেই ছাত্রের পরিবারের ব্যাপক মারধর স্কুল শিক্ষককে। ঘটনাটি ঘটে সোমবার হাওড়া অন্তর্গত শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। এদিন সন্ধ্যে বেলাতেই আহত শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন। আপাতত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রের মাধ্যমে জানা গেছে, আহত শিক্ষকের নাম প্রসেনজিৎ বিশ্বাস। তিনি ইংরেজি বিভাগের শিক্ষক। সোমবার দশম শ্রেণীর বি সেকশানে পড়ানোর সময় এক ছাত্র অন্যদের বিরক্ত করছিল। তখন প্রসেনজিৎ বাবু শাস্তি হিসেবে ১০০ টা উঠবোস করতে বলে। তা না করায় ছাত্রটির কান মুলে দেয়। এর পরই টিফিনের সময় ওই ছাত্রের পরিবার, আত্মীয় সহ হঠাৎ স্টাফরুমে ঢুকে প্রসেনজিৎ বাবুকে প্রহার করতে থাকে। গোটা বিষয়টি স্টাফ রুমের সিসিটিভিতে ক্যাপচার হয়ে যায়।
এবিষয়ে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, প্রহারকারীদের বাঁধা দিতে গেলে তারা অন্যান্য শিক্ষকদের উপরও হাত তোলে। এমনকি শিক্ষিকাদেরও মারতে যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা। হাতে হাতে ব্যানার নিয়ে সংশ্লিষ্ট স্কুলের ছাত্ররা অপরাধীদের কঠোর শাস্তি চাইছে।







