হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিদের অনগ্রসর মুসলিম বা ‘ব্যাকওয়ার্ড ক্লাস মুসলিম’ (বিসিএম) শ্রেণির আওতায় সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তামিলনাড়ু সরকার। সেই সিদ্ধান্ত খারিজ করেছিল মাদ্রাজ হাই কোর্ট। এবার শীর্ষ আদালতও হাই কোর্টের সেই রায়ই বহাল রাখল।
মাদ্রাজ হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ধর্মান্তরের আগে কোনও ব্যক্তির সামাজিক ভাবে অনগ্রসর অবস্থান থাকলেও, শুধুমাত্র সেই কারণ দেখিয়ে ধর্মান্তরের পর সংরক্ষণের দাবি করা যায় না।
আদালতের পর্যবেক্ষণ, কোনও ব্যক্তি হিন্দু সামাজিক ব্যবস্থা থেকে অ-হিন্দু সামাজিক ব্যবস্থায় ধর্মান্তরিত হলে, শুধুমাত্র ধর্মান্তরের আগের সামাজিক অনগ্রসরতার ভিত্তিতে সংবিধানের ১৬(৪) অনুচ্ছেদের অধীনে বিশেষ সুবিধা দাবি করতে পারবেন না। উল্লেখ্য, সংবিধানের ১৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সরকারি চাকরিতে পর্যাপ্ত প্রতিনিধিত্ব নেই এমন অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারে রাষ্ট্র।
২০২৪ সালের মার্চে তামিলনাড়ু সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, অনগ্রসর শ্রেণি (বিসি), অতি অনগ্রসর শ্রেণি (এমবিসি), ডিনোটিফায়েড কমিউনিটি (ডিএনসি) এবং তফসিলি জাতি (এসসি)-র অন্তর্ভুক্ত যে ব্যক্তিরা হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন, তাঁরা ‘বিসিএম’ শ্রেণির অধীনে কমিউনিটি সার্টিফিকেট পাওয়ার যোগ্য হবেন।
‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্টের বেঞ্চ উল্লেখ করেছে, ‘দ্য কনস্টিটিউশন (শিডিউলড কাস্টস) অর্ডার, ১৯৫০’-এর আওতায় শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ এবং শিখ ধর্মাবলম্বীরাই তফসিলি জাতি হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। একইসঙ্গে আদালত জানায়, কেউ পরবর্তীতে হিন্দু ধর্মে ফিরে এলেই ধর্মান্তরের আগের অনগ্রসর শ্রেণির মর্যাদা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে, এমনটা নয়।
গত ৬ জুলাই মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তামিলনাড়ু সরকার। রাজ্যের পক্ষ থেকে সওয়াল করা হয়েছিল, ধর্মান্তরিত হলেই বর্ণভিত্তিক সামাজিক ও শিক্ষাগত অসুবিধা দূর হয়ে যায় না। তাই ইসলাম গ্রহণের কারণে কোনও ব্যক্তি যাতে সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই ওই নির্দেশিকা জারি করা হয়েছিল বলে দাবি করে রাজ্য।
তবে তামিলনাড়ু সরকারের সেই যুক্তি গ্রহণ করল না শীর্ষ আদালত। ফলে ধর্মান্তরিত মুসলিমদের ‘বিসিএম’ শ্রেণির আওতায় সংরক্ষণ দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্ত আপাতত বাতিলই রইল।







