সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা: দীঘার আকাশে বাতাসে উৎসবের মেজাজ। ভাসছে মাঙ্গলিক সুর। বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আর তার আগেই, সোমবার বেলা ১২টা নাগাদ হেলিকপ্টারে দীঘা এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুঁটিয়ে দেখবেন যাবতীয় প্রস্তুতি।
প্রশাসন সুত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী ওল্ড দীঘার অতিথী নিবাসে কিছুক্ষন বিশ্রাম নিয়ে সন্ধ্যা নাগাদ এসে পৌঁছাবেন জগন্নাথ মন্দিরে।
গোটা রাজ্যের নজর এখন দীঘার জগন্নাথ মন্দির উদ্ভোধনের দিকে। ইতিমধ্যে প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মহিলারা মঙ্গল ঘট নিয়ে মন্দির পদক্ষিন করা শুরু করেছেন। মঙ্গলবার হবে মহাযজ্ঞ। মহাযজ্ঞের জন্য আনা হয়েছে ২০০ কেজি ঘি এবং ১০০ কুইন্ট্যাল আম ও বেল কাঠ। পুরী থেকে জগন্নাথ দেবের ৫৭ জন সেবক এবং ইস্কন থেকে ১৭ জন সাধু থাকবেন। প্রতিদিন তিনবেলায় নিবেদন করা হবে ভোগ।
পুলিশ প্রশাসন থেকে গোটা দীঘা জুড়ে সাজো সাজো রব। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। লাগানো হয়েছে দুই শতাধিক সিসি ক্যামেরা।
ওল্ড দীঘার সমুদ্র পাড় বরাবর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মমতার সফর ঘিরে এই বাড়তি তৎপরতা বলে জানা যায়।
আধিকারীক, মন্ত্রী ও বিধায়কদের বিকেলের মধ্যেই দীঘায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজী জানিয়েছেন মন্দিরের প্রস্তুতি প্রায় শেষ।







