কী আসতে চলেছে? নতুন প্রকল্প, না কি ভবিষ্যতের কোনও বড় বিনিয়োগ? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) ৪৮তম বার্ষিক সাধারণ সভা ঘিরে বিনিয়োগকারীদের মনে এখন এমনই প্রশ্ন। শুক্রবার দুপুর ২টোয় শুরু হবে এই বহু প্রতীক্ষিত সভা। চেয়ারম্যান মুকেশ আম্বানি প্রায় ৪৪ লক্ষ শেয়ারহোল্ডারের উদ্দেশে ভাষণ দেবেন। বিশেষজ্ঞদের ধারণা, সভায় জ্বালানি, টেলিযোগাযোগ, খুচরো ব্যবসা ও প্রযুক্তি খাত নিয়ে বড় ঘোষণা আসতে পারে। ফলে এজিএমের মঞ্চেই নির্ধারিত হতে পারে রিলায়েন্সের আগামী দিনের গতি, যা সরাসরি প্রভাব ফেলতে পারে শেয়ারবাজারে, বিশেষত নিফটির চলনে।
আগের বছরগুলির মতো এবারও বিনিয়োগকারীদের নজর সবচেয়ে বেশি 5G ও ডিজিটাল পরিষেবার সম্প্রসারণে। পাশাপাশি প্রত্যাশা রয়েছে গ্রিন এনার্জি পরিকল্পনা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর প্রকল্পের অগ্রগতি নিয়ে। বাজার বিশ্লেষকদের অনুমান, আমেরিকার আমদানি শুল্ক বৃদ্ধির কারণে আপাতত মার্কিন বাজারকেন্দ্রিক নতুন প্রকল্পে নামবে না রিলায়েন্স। তবে ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনায় সাফল্য এলে পরিস্থিতি বদলাতে পারে। বাজারের মনোযোগ এখন তাই রিলায়েন্সের এজিএমের দিকে, কারণ এক একটি ঘোষণা বদলে দিতে পারে বিনিয়োগের গতিপথ। সভাটি সরাসরি সম্প্রচারিত হবে রিলায়েন্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং একাধিক ব্যবসায়িক টিভি চ্যানেলে।







