গত মাসেই আমেরিকা বাড়তি শুল্ক আদায়ের ঘোষণা করেছিল। পরে একমাসের জন্য তা পিছিয়ে দেওয়া হয়। যদিও কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর বাড়তি শুল্ক চাপানোর শর্ত করা হয় মানব ও মাদক পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ-এর জন্য।
দুটি দেশই এই ব্যাপারে অভিযান জোরদার করার কথা বলায় অতিরিক্ত শুল্ক আদায় একমাস পিছিয়ে দেওয়া হয়েছিল।
কিন্তু মঙ্গলবার থেকে চিন, কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর বাড়তি শুল্ক আদায় করবে আমেরিকা। চিনের পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ এবং কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ করে অতিরিক্ত আমদানি শুল্ক আদায় করবে আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় দফায় আমেরিকার অর্থনীতির বাণিজ্যিক যুদ্ধকে পাথেয় করেছেন। তাঁর লক্ষ্য বড় দেশগুলির বাজার ধরা। তারজন্য মার্কিন পণ্যের উপর রপ্তানি শুল্ক কমানোর লক্ষ্যে ট্রাম্প পাল্টা চাল দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টের মতিগতি আঁচ করে ভারত আগাম বেশ কিছু মার্কিন পণ্যের উপর রপ্তানি শুল্ক কমিয়ে দিয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের আগেই ভারত এই পদক্ষেপ করে। সফরে দু নেতার আলোচনার সিংহভাগ সময় ব্যয় হয় বাণিজ্যিক সম্পর্ক নিয়ে।
ওয়াকিবহাল মহলের মতে, তারপরও ভারত নিশ্চিত নয়। নয়াদিল্লির কর্তারা আশঙ্কা করছেন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের শিকার হতে পারে ভারতও। মার্কিন প্রশাসনের সঙ্গে সেই কারণে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছেন ভারতের বাণিজ্য আধিকারিকেরা।







