স্বাস্থ্যবিমা থাকা সত্ত্বেও গ্রাহকদের জন্য আসছে বড় বিপত্তি। এবার থেকে ম্যাক্স হাসপাতালের কোনো শাখাতেই মিলবে না ক্যাশলেস চিকিৎসার সুবিধা। নিভা বুপা, স্টার হেলথ ও কেয়ার হেলথ ইন্স্যুরেন্স সংস্থাগুলি ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা ম্যাক্স হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা বন্ধ করছে। ফলে বিমা থাকা সত্ত্বেও রোগীদের আগে নিজস্ব অর্থ খরচ করতে হবে এবং হাসপাতাল থেকে ছাড়পত্রের পর বিল, প্রেসক্রিপশন, পরিচয়পত্রসহ সমস্ত নথি জমা দিয়ে রিইমবার্সমেন্টের মাধ্যমে টাকা ফেরত নিতে হবে।
শুধু তাই নয়, বাজাজ অ্যালায়ান্স জেনারেল ইন্স্যুরেন্সও জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে উত্তর ভারতের একাধিক হাসপাতালে তাদের ক্যাশলেস পরিষেবা বন্ধ থাকবে। অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার প্রোভাইডারস-ইন্ডিয়া (AHPI)-র নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
AHPI জানিয়েছে, বাজাজ অ্যালায়ান্সের সঙ্গে যুক্ত হাসপাতালগুলি একাধিক সমস্যার অভিযোগ তুলেছিল। এর মধ্যে রয়েছে কম রিইমবার্সমেন্ট রেট, অর্থপ্রদানে একতরফা সিদ্ধান্ত, দাবি নিষ্পত্তিতে বিলম্ব এবং রোগীর ডিসচার্জ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া। তাদের দাবি, চিকিৎসার খরচ প্রতিবছর গড়ে ৭-৮ শতাংশ বৃদ্ধি পাচ্ছে—কর্মীদের বেতন, ওষুধ, যন্ত্রপাতি, বিদ্যুৎ, জলসহ নানা খাতে। অথচ বিমা সংস্থা চিকিৎসার রেট সংশোধনে রাজি নয়, বরং বরাবর কমানোর দিকেই জোর দিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এই পরিস্থিতি চলতে থাকলে চিকিৎসা পরিষেবাই বিঘ্নিত হবে। AHPI বর্তমানে দেশজুড়ে প্রায় ১৫,০০০ হাসপাতালের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে ম্যাক্স হেলথকেয়ার ও মেদান্তার মতো বড় হাসপাতালও রয়েছে। তাই স্বাস্থ্যবিমা গ্রাহকদের জন্য আসন্ন দিনগুলোতে চিকিৎসা ব্যয় বহন করা আরও কঠিন হয়ে উঠতে পারে।







