রাজনীতি

স্লোগান গাইতে গাইতেই বিপত্তি, ট্রেনের কামরায় তৃণমূল ছাত্রনেতার রক্তাক্ত অধ্যায়”

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সভায় যোগ দিতে যাওয়ার পথে ট্রেনের মধ্যেই হামলার মুখে পড়লেন সংগঠনের দুই ছাত্রনেতা। বৃহস্পতিবার সকালে ডানকুনি থেকে কলকাতা আসার সময় এই ঘটনা ঘটে। আহত হয়েছেন অর্ণব রায় ও রাজা রায়। অর্ণব ডানকুনি পুরসভার এক কাউন্সিলরের ছেলে।

ঘটনাটি লিলুয়া ও হাওড়া স্টেশনের মাঝপথে। অভিযোগ, ট্রেনে যাত্রাকালীন “জয় বাংলা” স্লোগান দেওয়ার সময় এক ব্যক্তি তাঁদের রাজনৈতিক পরিচয় জানতে চান। তাঁরা তৃণমূলের কর্মী বলতেই হঠাৎ হামলা চালানো হয়। এর পরেই দুজনের উপরেই চড়াও হন অভিযুক্ত।

প্রত্যক্ষদর্শী শেখ হাসিবুল জানিয়েছেন, ‘‘আমরা স্লোগান দিচ্ছিলাম। এক ব্যক্তি প্রথমে জিজ্ঞেস করেন, আমরা তৃণমূল করি কিনা। হ্যাঁ বলার সঙ্গে সঙ্গেই আক্রমণ করেন।’’ ঘটনায় গুরুতর আহত হন অর্ণব রায়। তাঁর ডান হাত ও বুকে আঘাত লাগে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। রাজা রায়ও মাথায় আঘাত পান।

হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁদের হাওড়া স্টেশনে নামানো হয়। পরে রাজা রায়কে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অর্ণবকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূল ছাত্র পরিষদের দাবি, এই ঘটনায় বিজেপি জড়িত। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করা যায়নি। ইতিমধ্যেই রেল পুলিশে অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

তবে রেলের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। অভিযোগ, আহতদের জন্য রেলের পক্ষ থেকে কোনও সহায়তা করা হয়নি। এমনকি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করা হয়নি। এ ঘটনার জেরে হাওড়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.