চলন্ত ট্রেনে একটি মহিলা কনস্টেবলের উপর আক্রমণের অভিযোগে যোগী রাজ্যের পুলিশ এনকাউন্টার করল দলের মূল পান্ডাকে। নিহতের নাম আনিস। গত ৩০ শে আগস্ট আনিস সরযূ এক্সপ্রেসে যাত্রীগামী একটি মহিলা পুলিশকর্মীর সাথে বচসায় জড়ায়। তারপরই শুরু হয় হাতাহাতি। রক্তাক্ত অবস্থায় আহত মহিলাটিকে কামরা থেকে উদ্ধার করে লখনউ হাসপাতালে ভর্তি করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেদিন আনিসের সাথে ছিল আরও দুই সঙ্গী। আজাদ খান ও বিশ্বম্ভর দয়াল। তারা তিনজনেই সরযূ এক্সপ্রেসে যাত্রা করছিল। হঠাৎই সিটে বসে থাকা এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। বচসা এতটাই বেড়ে যায় যে রাগের মাথায় আনিস একটা ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাটির মুখ চিড়ে দেয়। এমনকি মারধরও করে তাকে। এরপর তারা তিনজনেই পালিয়ে যায়।
বহু তল্লাশের পর ঘটনার একমাস পর শুক্রবার উত্তর প্রদেশের পুলিশ অভিযুক্তদের হদিস পায়। পুলিশের গুলিতে প্রাণ যায় আনিসের। তার দুই সঙ্গী গুলিবিদ্ধ হলেও তাদের গ্রেপ্তার করা হয়।







