ক্রাইমদেশ

বৃহন্নলা সেজে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, চার ঘণ্টায় গ্রেফতার যুবক

বাড়ির দরজায় কড়া নেড়ে এক ব্যক্তি জানান, মহিলার উপর ‘কালো নজর’ পড়েছে। সেই নজর কাটানোর অছিলায় বাড়িতে ঢোকে সে। কিন্তু ঘরে প্রবেশের পরই ঘটে ভয়াবহ ঘটনা। বৃহন্নলা সেজে বাড়িতে ঢুকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে ২৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহন্নলার পোশাক পরে ওই মহিলার বাড়িতে হাজির হয়েছিল অভিযুক্ত। ‘নজর কাটানোর’ কথা বলে কার্যত জোর করেই বাড়িতে ঢুকে পড়ে সে। এরপর বেডরুমে গিয়ে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযুক্ত পালিয়ে যাওয়ার পরই পুলিশে খবর দেন ওই মহিলা। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা দেখতে পান, একটি অটোরিকশায় চেপে ঘটনাস্থল ছেড়ে যায় অভিযুক্ত। এরপর প্রযুক্তিগত নজরদারি এবং মানব গোয়েন্দা তথ্যের সাহায্যে তার গতিবিধির সন্ধান শুরু হয়।

অবশেষে থানেতে একটি বস্তি এলাকায় অভিযুক্তের হদিশ মেলে। অভিযোগ দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। জেরায় জানা গিয়েছে, অভিযুক্ত ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ছিল এবং বৃহন্নলার ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.